মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়

লিগ খেলতে ক্লাবগুলোকে চিঠি বিসিবির

ঢাকার ক্লাব ক্রিকেটে অচল অবস্থা চলছে গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনের পর থেকেই। মৌসুম শেষ দিকে চলে এলেও তাই এখনো ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়নি। এ নিয়ে তেমন তোড়জোড়ও ছিল না এত দিন, তবে গতকাল প্রিমিয়ার লিগে খেলা ১২টি ক্লাবকে বৈঠকের জন্য চিঠি দিয়েছে বিসিবি।

৮ এপ্রিল মিরপুরে বিসিবি ভবনে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করতে চায় সিসিডিএম। ক্লাবগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বৈঠকে প্রিমিয়ার লিগের দলবদল ও লিগ শুরুর সময় নিয়ে আলোচনা হবে।

নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ দাবি করে প্রিমিয়ার লিগসহ সিসিডিএমের অধীন সব ধরনের ক্রিকেট বর্জনের অবস্থান নেয় ঢাকার ক্লাবগুলোর বড় অংশ। এ কারণে ২০টি ক্লাবের মধ্যে ১২টি ক্লাব নিয়ে প্রথম বিভাগ ও ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করে বিসিবি।

প্রিমিয়ার লিগেও বেশির ভাগ ক্লাবই খেলতে রাজি নয়। জানা গেছে, দুই থেকে তিনটির বেশি ক্লাব বিসিবির বৈঠকের ডাকে সাড়া দেবে না। নাটকীয় কিছু না ঘটলে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনাও তাই আপাতত কম।

৪ এপ্রিল বৈঠকের জন্য তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলোকেও চিঠি দিয়েছে বিসিবি। সেখানেও বেশির ভাগ ক্লাবই অংশ নেবে না।