কোহলি ও রোহিতের মধ্যে প্রতিভায় কে এগিয়ে?
কোহলি ও রোহিতের মধ্যে প্রতিভায় কে এগিয়ে?

বলছেন ইমাম-উল-হক

আল্লাহ রোহিত শর্মাকে যত প্রতিভা দিয়েছেন, কোহলিকে অত দেননি

ভয়ংকর বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন কোহলি। আড়াই বছর ধরে শতকের দেখা পাচ্ছেন না বলে আলোচন হচ্ছিল এত দিন। গত কয়েক মাসে সেটা আর শতক না পাওয়ার আলোচনা নয়। রান না পাওয়ার আলোচনায় বদলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১০ ইনিংসে মাত্র একটি অর্ধশতক তাঁর। কোহলির মতো না হলেও ফর্ম খুব একটা ভালো ছিল না রোহিত শর্মারও। ১২ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫৮ বলে অপরাজিত ৭৬ রান করার আগে টানা ১৪টি ইনিংসে অর্ধশতকের আগে আউট হয়েছেন রোহিত।

তাই বলে এই দুজনের ভারত দলে থাকা নিয়ে কারও মনে কোনো প্রশ্ন জাগেনি। ভারতের সেরা দুই ব্যাটসম্যান তো তাঁরাই। তবে দেশের সীমা ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটে নজর দিলে সময়ের সেরাদের তালিকায় জো রুট, স্টিভ স্মিথ ও কেইন উইলিয়ামসনদের সঙ্গে বিরাট কোহলির নামটাই শোনা যায়। ‘ফ্যাব ফোর’দের সঙ্গে প্রজন্মের সেরাদের তালিকায় এখন পাকিস্তানের বাবর আজমের নাম ঢুকে পড়েছে। কিন্তু বহুদিন টেস্ট ক্রিকেটে অনিয়মিত থাকার কারণেই হয়তো রোহিতের নাম কখনো সে আলোচনায় তোলা হয় না। কিন্তু ইমাম-উল-হকের ধারণা, প্রতিভার দিক থেকে রোহিত বহু এগিয়ে আছেন কোহলির চেয়ে।

ফর্ম ফিরছেই না কোহলির

গত কিছুদিন ফর্মে না থাকলেও রোহিত ও কোহলি এখনো প্রতিপক্ষ বোলারদের চিন্তার কারণ। এ দুজনকে না ফেরানো পর্যন্ত স্বস্তি পায় না কোনো বোলিং আক্রমণ। নিজের দিনে কে সেরা—এই প্রশ্নে দুই ভাগ হয়ে যান দুই ক্রিকেটারের সমর্থকেরা। পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক যে এ ক্ষেত্রে ভারতের বর্তমান অধিনায়কপন্থী সেটা জানা গেছে সামা নিউজের সুবাদে।

সামা নিউজকে ইমাম বলেছেন, আমার মনে হয়, ‘আল্লাহ রোহিত শর্মাকে যত প্রতিভা দিয়েছেন, তিনি হয়তো কোহলিকে অত দেননি। আমি দুজনকে ব্যাট করতে দেখেছি। রোহিতের ব্যাটিং দেখে মনে হয় রিপ্লে হচ্ছে। ওর হাতে অনেক সময় থাকে। তাঁর ব্যাটিং দেখেই প্রথমবারের মতো টাইমিং–এর অর্থ বুঝতে পেরেছি। আমি মূলত পয়েন্টে ফিল্ডিং করি, এ কারণে এটা টের পেয়েছি। বিরাট কোহলি আমার সামনে ব্যাট করেছেন, রোহিত শর্মাও করেছেন, কিন্তু আল্লাহ রোহিতকেই বেশি উপহার (প্রতিভা) দিয়েছেন।’

প্রথম ওয়ানডেতে ফর্মে ফিরেছেন রোহিত

একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিনটি দ্বিশতক আছে রোহিতের। একটু সেট হলেই ভয়ংকর রূপ নিতে পারেন রোহিত। ইমামের চোখে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতায় রোহিত অনেক এগিয়ে, ‘উনি এমন এক খেলোয়াড় যে দুই সেকেন্ডে ম্যাচ বদলে দিতে পারেন। যখন সেট হয়ে যান, তখন ইচ্ছেমতো মারতে পারেন। আমার স্বপ্ন। রোহিতের মতো প্রভাববিস্তারী পারফরম্যান্স দেখাব। পাকিস্তানের হয়ে এ ধরনের ক্রিকেট খেলতে পারলে খুব খুশি হব।’

আজ লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। চোটের কারণে প্রথম ম্যাচ না খেলা কোহলি কি আজ ইমামকে নিজের প্রতিভার ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য করতে পারবেন?