
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জিতে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। এই ফলাফলই বলে দিচ্ছে, বিশ্বকাপে স্বাগতিক দল কতটা দাপট দেখাচ্ছে। তবে দারুণ এই পারফরম্যান্সের আড়ালে সুর্যকুমার যাদবের দলের জন্য আছে উদ্বেগও।
সেই উদ্বেগ দলের ফিল্ডিংকে ঘিরে। সুপার এইটের আগে ভারতীয় দলকে ফিল্ডিং নিয়ে বিশেষভাবে কাজ করার তাগিদ দিয়েছেন দেশটির সাবেক পেসার বরুণ অরুণ। বরুণের মতে, ভারত গত বছর থেকে বিশ্বের সবচেয়ে দুর্বল ক্যাচিং ইউনিটগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে, যারা প্রতি ম্যাচে অন্তত দুইটি ক্যাচ ছেড়েছে।
ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় বরুণ বলেন, ‘এটা বড় সমস্যা। গত ১২ বা সম্ভবত ১৮ মাসে ভারত সবচেয়ে দুর্বল ক্যাচিং ইউনিট। তাদের ক্যাচিংয়ের হার ৭০-এর নিচে।
প্রতিটি ম্যাচে তারা অন্তত ২–৩টি ক্যাচ ড্রপ করে। আশা করি, সুপার এইট এবং সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তারা ছাড়বে না।’
বরুণের কথার সত্যতা মিলছে পরিসংখ্যানেও। আজ সকালের ওয়েস্ট ইন্ডিজ–ইতালি ম্যাচের আগপর্যন্ত হিসাব বলছে, ভারত তাদের ৪টি গ্রুপ–ম্যাচে মোট ৯টি ক্যাচ ছেড়েছে, যা টুর্নামেন্টের ২০ দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। শুধু আয়ারল্যান্ডই ভারতের চেয়ে বেশি ক্যাচ হাত ছাড়া করেছে, মোট ১০টি। ৬টি ক্যাচ ছেড়ে তৃতীয় স্থানে আছে নামিবিয়া।
গ্রুপ পর্বে ভারত সর্বশেষ ম্যাচ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৭ রানে জেতা সেই ম্যাচেও ভারতের ক্যাচিং–দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। সেই ম্যাচেও হাতছাড়া হয়েছে একাধিক সুযোগ। এর মধ্যে একটি ক্যাচ ধরতে গিয়ে সুর্যকুমার যাদব ও রিঙ্কু সিংয়ের মধ্যে ধাক্কাও লাগে; যদিও কেউই ধরতে পারেননি কেউ।
সুপার এইটে ভারত প্রথম ম্যাচ খেলবে ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।