
মিরপুরে আজ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের ফাইনালে মুখোমুখি উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। রাজশাহীতে লিগ পর্বের ম্যাচে উত্তরাঞ্চলের করা ৩২২ রান টপকে জিতে গিয়েছিল মধ্যাঞ্চল। শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাই আরেকটি জমজমাট লড়াইয়ের আশা করাই যায়।
কাগজ-কলমের হিসাবে অবশ্য ফাইনালে নাজমুল হোসেনের উত্তরকেই এগিয়ে রাখতে হবে। নাজমুল ছাড়াও আছেন তানজিদ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সাব্বির রহমান। যেন তারায় তারায় খচিত দলটি!
মাহিদুল ইসলামের মধ্যাঞ্চলে আছেন আবু হায়দার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সঙ্গে আছেন জিসান আলম, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও রিপন মণ্ডলের মতো একঝাঁক তরুণ তুর্কি।
লিগ পর্বে এই তরুণদের কাছেই হেরেছে তারকায় ঠাসা উত্তর। সেদিন উত্তরের হয়ে সেঞ্চুরি করেছিলেন হৃদয়, ৮ রানের জন্য তিন অঙ্ক পৌঁছাতে পারেননি তানজিদ। মধ্যাঞ্চলের ওপেনার জিসানের ১২৭ রানে ম্লান হয়ে যায় হৃদয়দের ইনিংস।
সেই ম্যাচের সুখস্মৃতি নিয়ে আজ মাঠে নামতে যাওয়া মধ্যাঞ্চল কাল অনুশীলন করতে পারেনি। মিরপুরের বিকেলের বৃষ্টি ভাসিয়ে নিয়ে যায় দলটির প্র্যাকটিস সেশন। মাঠের বাইরে খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত আলোচনা করেই সময় কাটিয়েছেন দলটি কোচিং স্টাফরা। তবে দুপুরে নাজমুল-লিটনরা অনুশীলন সেরে গেছেন নির্বিঘ্নেই।
দুই দলই লিগ পর্বে জিতেছে দুটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার মতো রান ও উইকেটের তালিকাতেও উত্তর ও মধ্যাঞ্চলের প্রাধান্য। সবচেয়ে বেশি ১৬৪ রান করেছেন উত্তরের তানজিদ হাসান। ২ রান কম নিয়ে দুইয়ে মধ্যাঞ্চলের মোহাম্মদ নাঈম। ৭ উইকেট করে নিয়ে বোলিংয়ে সবার ওপরে উত্তরের দুই স্পিনার মেহেরব হাসান ও রিশাদ হোসেন।
আজ বেলা আড়াইটায় শুরু হবে দিবারাত্রির ৫০ ওভারের ফাইনাল। খেলা দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে। নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ-চীন ম্যাচ শেষে ফাইনালের বাকি অংশ সম্প্রচার করবে টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসও।