
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেছে বজ্রবৃষ্টি। ১৩ তারিখের সেই ম্যাচে বৃষ্টির কারণে ২ ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ ছিল।
তাতে ২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। আজ হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। এই ম্যাচেও কি বৃষ্টির সম্ভাবনা আছে?
আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের খবর অনুযায়ী, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে ৫২ শতাংশ। ঢাকায় আজ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
ম্যাচ শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, ১৪ শতাংশ। তবে সময় যেতে যেতে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে। আকুওয়েদারের খবর অনুযায়ী, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ, ৫টায় হবে ৪৭ শতাংশ আর ৬টায় এটি বেড়ে দাঁড়াবে ৫১ শতাংশে।
তবে সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা আবার কমে যাবে। সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ২৫ শতাংশ। পুরো দিনই আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকেও জানা গেছে, আজ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে গিয়েছিল। ৫০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৭৫। ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলার পর নামে বৃষ্টি। ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য হয় ৩২ ওভারে ২৪৩ রান।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস বলেছিলেন, ৫০ ওভারের ম্যাচ হলে অন্য কিছুও হতে পারত। ম্যাচ শেষে সম্প্রচারক টিভি চ্যানেলকে লিটন বলেন, ‘ক্রিকেটে অনেক কিছু আপনার হাতে থাকবে না। কেউই জানতাম না বৃষ্টি আসবে, রানরেট এত বেশি করে দেবে। ৫০ ওভারের খেলা হলে অন্য কিছু হলেও হতে পারত।’