
ম্যাচের যে গতিপথ, তাতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল আজই। কিন্তু লর্ডস টেস্টে ফল পাওয়ার অপেক্ষা বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। আজ তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১০.২ ওভার।
৩ উইকেটে ৩৬ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। বৃষ্টির মধ্যে খেলা হওয়া এই সময়টুকুতেই ১৯ রান যোগ করে আজ আরও ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। দিনটা ৫ উইকেটে ৫৫ রান নিয়ে শেষ করেছে কিউইরা। আগের ইনিংসে ৫ উইকেট পাওয়া ইংল্যান্ডের পেসার টিম রবিনসনই দুটি উইকেট নিয়েছেন।
২১ বলে ৮ রান করা রাচিন রবীন্দ্রকে বোল্ড করার পর ৭ বলে ২ রান করা ড্যারেল মিচেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। ৫৫ বলে ১৯ রান করা ডেভন কনওয়ে ও ৭ বলে ২ রান করা টম ব্লান্ডেল আগামীকাল নিউজিল্যান্ডের পক্ষে দিন শুরু করবেন।
প্রথম ইনিংসে কিউইরা অলআউট হয়ে গিয়েছিল ১১৩ রান। প্রথম ইনিংসে ১৪০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২২৬ রান করে তাদের সামনে ২৫৪ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ইংল্যান্ড।
চতুর্থ দিনে গিয়ে ম্যাচটা জিততে হলে ৫ উইকেট হাতে থাকা নিউজিল্যান্ডকে করতে হবে ১৯৯ রান। শুরু থেকে বোলাররা যেভাবে রাজত্ব করছেন— তাতে কাজটা কঠিনই মনে হচ্ছে তাদের জন্য।