জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল আগেই বাদ পড়ে যাওয়া ইংল্যান্ড
জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল আগেই বাদ পড়ে যাওয়া ইংল্যান্ড

ত্রিদেশীয় সিরিজ

আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার

সাত দিন আগে পিন্ডিতে লঙ্কা-কাণ্ড ঘটিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে জিতে গিয়েছিল লঙ্কানরা। সাত দিন পর আবার যখন ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি সেই দুই দল, রান তাড়ায় আবারও লঙ্কা-কাণ্ড ঘটানো জোগাড়যন্ত্র প্রায় করেই ফেলেছিল শ্রীলঙ্কা। ৩৮৭ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ তুলে ফেলে দলটি। কিন্তু সেখান থেকেই ধপাস পতন। ১৭ বলের মধ্যে ১৬ রান তুলতে অলআউট শ্রীলঙ্কা। আর তাতে ৫৫ রানের সান্ত্বনার এক জয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টটা শেষ করল আগেই বাদ পড়া ইংল্যান্ড।

পিন্ডিতে শ্রীলঙ্কার ঐতিহাসিক রান তাড়ায় সেঞ্চুরি পাওয়া পবন রত্নায়েকে আজও সেঞ্চুরি পেয়েছেন। ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় করেছেন ১১৮ রান। অধিনায়ক কুশল মেন্ডিস ৫ ছক্কায় ৭১ বলে করেছেন ৮৯ রান। তবে আজ দারুণ শুরু করেও দলকে জেতাতে পারেননি জানিত লিয়ানাগে। ১৭ বলে ২৭ রান করেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।

ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার পবন রত্নায়েকে

লঙ্কান ইনিংসের ধসের সূচনা ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ে। পরের ওভারে দুনিত ভেল্লালাগে রানআউট, এক ওভার পর লিয়াম ডসনের বলে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ তোলেন সেঞ্চুরিয়ান রত্নায়েকে। ওভারের শেষ বলে আশিতা ফার্নান্ডোকে টম ব্যান্টনের দারুণ এক ক্যাচ বানিয়ে চতুর্থ উইকেট তুলে নেন ডসন। পরের ওভারের প্রথম বলেই ঈশান মালিঙ্গাকে যখন বোল্ড করলেন স্যাম কারেন শ্রীলঙ্কা অলআউট ৩৩১ রানে।

ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির পর ইংল্যান্ডের বেন ডাকেট

এর আগে ইংল্যান্ডের ৫ উইকেটে তোলা ৩৮৬ রানে সবচেয়ে বড় অবদান বেন ডাকেটের ১৬৭ রানের। ওয়ানডেতে এটাই তাঁর সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চটা গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে এই লাহোরেই পেয়েছিলেন ডাকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৬৫ রান। ওয়ানডেতে তাঁর ছয় সেঞ্চুরির তিনটিই লাহোরে, যার দ্বিতীয়টি চার দিন আগে পাকিস্তানের বিপক্ষে ঠিক আগের ম্যাচে। আজ ১৩২ বলের ইনিংসে ২৪টি চার মেরেছেন এই ওপেনার। ১৬৩ রানের উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী ব্যান্টন করেছেন ৭৪ রান।

শনিবার লাহোরে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।