রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না
রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না

আমিই তো বলেছি, এই পারফরম্যান্সে দলে জায়গা পাওয়ার যোগ্য নই: টি–টুয়েন্টি ফর্ম নিয়ে রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাটে রান নেই। তাঁর দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ ম্যাচের ৭টিতেই। তাতে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকেও গেছে তারা।

সর্বশেষ গতকাল রাতে কোয়েটা গ্লাডিয়েটরসের কাছে হেরেছে দলটি। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিজওয়ানের টি–টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্নও এসেছে।

রিজওয়ান এবারের পিএসএলে ৭ ম্যাচে রান করেছেন মাত্র ১০৭। গড় ১৫.২৮, সর্বোচ্চ রান ৪১। ওপেনার হিসেবে খেলা রিজওয়ান যে প্রত্যাশা মেটাতে পারেননি, সেটা তো পরিসংখ্যানেই স্পষ্ট। অথচ এই টুর্নামেন্ট ছিল রিজওয়ানের নিজেকে প্রমাণ করার।

কারণ, প্রায় দেড় বছর (সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বর) ধরে তিনি পাকিস্তানের টি–টুয়েন্টি দলে নেই। সর্বশেষ বিগ ব্যাশেও হয়েছেন ব্যর্থ, ১০ ম্যাচে খেলে করেছিলেন ১৮৭ রান।

পাকিস্তান সুপার লিগে রিজওয়ানের ব্যাটে রান নেই

ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি রিজওয়ানের অবসরের প্রসঙ্গ এসেছে আরও একটি কারণে। পাকিস্তানের টি–টুয়েন্টি অধিনায়ক সালমান আগা সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের আগে টি–টুয়েন্টি থেকে বিরতি নেওয়ার কথা বলেছেন। গতকাল তাই রিজওয়ানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘সালমান আলী আগা বলেছেন আগামী বছরের বিশ্বকাপের জন্য তিনি টি-টুয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নেবেন অথবা প্রয়োজন হলে পুরোপুরি ছেড়ে দেবেন। আপনিও কি মনে করেন যে টি-টুয়েন্টি ক্রিকেট অনেক দূরে এগিয়ে গেছে এবং এখন তরুণদের সুযোগ দেওয়া উচিত?’

এই প্রশ্নের জবাবে রিজওয়ান বলছেন, ‘বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন করা হচ্ছিল, আমি পরিষ্কারভাবে বলেছিলাম পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি, যাকে আপনারা বলেছিলেন যে সে ছক্কা মারতে পারে না।’

রিজওয়ান সম্ভবত বিশ্বকাপ দলের কথাই বলেছেন। পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে গত ২৫ জানুয়ারি। সেই সময়ে বিগ ব্যাশের সর্বশেষ মৌসুম চলছিল।

৩৩ বছর বয়সী রিজওয়ান অবশ্য এখনই পাকিস্তানের হয়ে খেলার আশা ছাড়ছেন না, ‘আমরা মানুষ। আমি আপনাদের বলেছি আমার পারফরম্যান্স ভালো নয়, আমি ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলব এবং আপনাদের সামনে অলস বসে থাকব।’

পাকিস্তানের হয়ে ১০৬ টি–টুয়েন্টিতে ১২৫ স্ট্রাইক রেটে ব্যাট করা রিজওয়ান বলেছেন, ‘যদি আমার মধ্যে সামর্থ্য থাকে, তবে আমি সুযোগ পাব। আর যদি সামর্থ্য না থাকে, তবে আগেও আমি আমার পাকিস্তান দলের অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।’