
বাজে সময় সব বড় ব্যাটসম্যানের ক্যারিয়ারেই এসেছে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, মোহাম্মদ আজহারউদ্দিন, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড় কিংবা ব্রায়ান লারা, ইনজামাম-উল-হক; ক্যারিয়ারে একটা সময় ব্যাট হাতে বাজে সময় কাটিয়েছেন সবাই। কিন্তু তাঁরা সবাই ফর্মে ফিরেছেন দুর্দান্তভাবে। অনেক সময় ফর্মে ফিরতে নিজেদের অভ্যাসের বদল আনেন সেরা ব্যাটসম্যানরা। প্রিয় শটগুলো খেলা থেকে বিরত থাকেন। এর ধ্রুপদি উদাহরণ বোধ হয় শচীন টেন্ডুলকার।
ভারতীয় কিংবদন্তির ব্যাটিং দেখেছেন, আর সেখানে একটিও কাভার ড্রাইভ থাকবে না, তা কী হয়! কাভার ড্রাইভ যে ছিল তাঁর খুব প্রিয় শট। অথচ, ফর্মে ফিরতে এক ম্যারাথন টেস্ট ইনিংসে তিনি কাভার ড্রাইভ খেলেননি একটিও।
টেস্ট ক্রিকেটে টেন্ডুলকারের একটু দুর্দিন যাচ্ছিল ২০০৩–এর মাঝামাঝি সময় থেকে। হুটহাট আউট হয়ে যাচ্ছিলেন। টানা ১৩টি টেস্ট ইনিংসে তাঁর কোনো শতরান ছিল না। ২০০৪ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে তিনি আউট হচ্ছিলেন প্রায় একইভাবে। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে। যে শট খেলে হাজার হাজার রান তিনি করেছেন, সেই শটটাই ঠিকমতো খেলতে পারছিলেন না ‘মাস্টারব্লাস্টার’। ব্যাপারটা নিয়ে লেখালেখি হচ্ছিল পত্রপত্রিকায়। ক্রিকেট বিশ্লেষকেরা নানা রকম পরামর্শ দিচ্ছিলেন টেন্ডুলকারকে। অনেকটা হালের বিরাট কোহলির মতো।
প্রতিদিনই সংবাদের শিরোনাম হচ্ছিল টেন্ডুলকারের ‘অফ ফর্ম’। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজে সিডনি টেস্টে তিনি ফর্মে ফেরেন ২৪১ রানের ধৈর্যশীল দীর্ঘ এক ইনিংস খেলে। না, ঠিক ‘নিজের মতো’ করে সেদিন ফর্মে ফেরেননি টেন্ডুলকার। সেই ইনিংসে টেন্ডুলকার রান করেছিলেন তাঁর প্রিয় শট কাভার ড্রাইভ না খেলেই।
টেন্ডুলকারের এই উদাহরণ দিলীপ ভেংসরকার টেনেছেন কোহলিকে পরামর্শ দিতে গিয়ে। বিরাট কোহলি দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। কোনো সংস্করণেই শতরান করেননি দীর্ঘ প্রায় তিন বছর। নিজেকে যেন হারিয়ে খুঁজছেন ভারতের সেরা ব্যাটসম্যান। সবশেষ ১০ ইনিংসে কোহলির রান যথাক্রমে ২০, ৭৩, ৩৫, ৭, ১১, ১, ১১, ১৬ এবং ১৭। তার ওপর কোহলি যেভাবে আউট হচ্ছেন, সেটিও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বারবার আউট হচ্ছেন কোহলি।
এখন কোহলি ফর্মে ফিরবেন কীভাবে, সেটি নিয়ে নানা মুনির নানা মত। সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছেন, তাঁর সঙ্গে ২০ মিনিট বসলেই নাকি কোহলি ফর্মে ফিরবেন। তবে ভারতের আরেক সাবেক অধিনায়ক ও দেশটির ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান ভেংসরকার ফর্মে ফিরতে টেন্ডুলকারকে উদাহরণ হিসেবে সামনে আনছেন। ভেংসরকার মনে করেন, ফর্মে ফিরতে কোহলি টেন্ডুলকারের বর্ণাঢ্য ও দীর্ঘ ক্যারিয়ারের একটি অধ্যায় সামনে খুলে বসতেই পারেন।
দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমসকে তিনি বলেছেন, ‘২০০৪ সালে অস্ট্রেলিয়ায় খারাপ ফর্মে ছিল টেন্ডুলকার। একইভাবে আউট হচ্ছিল। কিন্তু সেই টেন্ডুলকারই আউট হওয়ার স্কোরিং এরিয়া পুরোপুরি বিসর্জন দিয়েছিল সিডনি টেস্টে। সে টেস্টে তার প্রিয় শট কাভার ড্রাইভ না খেলেই টেন্ডুলকার খেলেছিল ২৪১ রানের ইনিংস। বিরাটও একইভাবে আউট হচ্ছে। তারও টেন্ডুলকারকে অনুসরণ করার ক্ষমতা আছে। ফর্মে ফিরতে সেটি করে দেখতে পারে সে।’