টেন্ডুলকার–কোহলি যখন ভারতীয় দলে সতীর্থ ছিলেন
টেন্ডুলকার–কোহলি যখন ভারতীয় দলে সতীর্থ ছিলেন

ডি ভিলিয়ার্স কেন বললেন, টেন্ডুলকার কোহলির মতো এত শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন না

টেস্টে ঘরের বাইরে ভারতের সেরা ব্যাটসম্যান কে?

পরিসংখ্যানের মানদণ্ডে অনেক রকম যুক্তি-তর্কই হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের কথা শুনতে পারেন।

তাঁর মতে, শচীন টেন্ডুলকার বিদেশের কন্ডিশনে ভারতের জন্য মানদণ্ড তৈরি করে দিলেও বিরাট কোহলি সেই মানদণ্ডকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন। শুধু তা–ই নয়, বিদেশের কন্ডিশনে কোহলি তাঁর পূর্বসূরি কিংবদন্তির চেয়েও এক ধাপ এগিয়ে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন ডি ভিলিয়ার্স। দুজনের বন্ধুত্ব সবার জানা। সেই বন্ধুত্বের টান থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যান কোহলিকে এগিয়ে রাখেননি। ব্যাপারটা তিনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করে টেন্ডুলকারকে রেখেছেন এই ধারার শুরুতে। আর কোহলি সেই ধারাকে নতুন মাত্রা দিয়েছেন বলে মনে করেন ডি ভিলিয়ার্স।

বিদেশের মাটিতে ভারতের ব্যাটিংয়ের মান নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ৪২ বছর বয়সী কিংবদন্তির ব্যাখ্যা, ‘শচীন টেন্ডুলকারের মতো কারও কথা মনে পড়ে, যিনি অনেক আগেই ভারতের এই ধারার সূচনা করেছিলেন।

তবে তিনি বিরাট কোহলির মতো এতটা শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন না, কোহলি আরও এক ধাপ এগিয়ে।’

টেস্টে কোহলিকে এগিয়ে রাখছেন এবি

ডি ভিলিয়ার্স যোগ করেন, ‘উপমহাদেশের ব্যাটসম্যান হিসেবে বাউন্সি ও সিমিং কন্ডিশনেও যে ভালো করা সম্ভব, সেটি প্রথম দেখিয়েছিলেন শচীন। বিরাট সেই ধারাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং মানদণ্ড আরও উঁচুতে তুলেছেন।’

টেন্ডুলকারের পর কোহলি ব্যাটিংয়ের এই ধারাকে অনেক উঁচুতে তোলার পর লোকেশ রাহুল ও দেবদূত পাড়িক্কালরা সেই পথ অনুসরণ করছেন বলে মনে করেন ডি ভিলিয়ার্স, ‘এ কারণেই এখন লোকেশ রাহুল এবং দেবদূত পাড়িক্কালের মতো বেশ কয়েকজন খেলোয়াড় সেই ধারা ধরে রাখতে শুরু করেছেন এবং বিরাট ও শচীনের পদাঙ্ক অনুসরণ করছেন।’

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল শেষ হওয়া গল টেস্টে ভারতের ১৬৫ রানের জয়ে দারুণ ব্যাট করেন রাহুল ও পাড়িক্কাল। ভারতের প্রথম ইনিংসে ৮২ রান করেন রাহুল। একই ইনিংসে ১৬৭ রান করেন পাড়িক্কাল।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড এখনো টেন্ডুলকারের। টেস্টেও সর্বোচ্চ রানের রেকর্ড তাঁর। ঘরের বাইরে ১০৬ টেস্টে ১৭৬ ইনিংসে ৫৪.৭৪ গড়ে ৮৭০৫ রান করেছেন টেন্ডুলকার। সেঞ্চুরি ২৯টি। গত বছর টেস্ট থেকে অবসর নেওয়া কোহলি ঘরের বাইরে ৬৬ ম্যাচে ১১৯ ইনিংসে ৪১.৫১ গড়ে ৪৭৭৪ রান করেছেন। সেঞ্চুরি ১৬টি।

ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ টেস্ট ও ৭৮টি টি-টুয়েন্টি খেলেছেন। অনেকের চোখেই তিনি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই তাঁর ব্যাটিং গড় ৫০–এর ওপরে।