চোটে পড়লেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক।
কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতি ম্যাচে আর দেখা যাবে না বাবরকে। তবে সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে তিনি অংশ নেবেন।
হেডিংলিতে আগামী বুধবার শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। সেই সিরিজে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবর। করেন দুই টেস্টেই ফিফটি।
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ১৯৯৬ সালে। এবার তিন ম্যাচের সিরিজে জিততে হলে ফিট বাবরকে প্রয়োজন পাকিস্তানের।
প্রস্তুতি ম্যাচে যা হচ্ছে
প্রস্তুতি ম্যাচে পিসিসি একাদশের প্রথম ইনিংসে করা ৩০৫ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে গেছে ২৩৮ রানে। ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশির ৭৬ রানে ৪ উইকেট নেন। ১৭ বছর বয়সী ম্যানি লামসডেন নেন ২৪ রানে ২ উইকেট।
দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পিসিসি একাদশের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। তাদের মোট লিড দাঁড়িয়েছে ১৯৫ রানে।