
ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ আর শীর্ষ টেস্ট দলের স্বীকৃতি—মাত্র ৭ বছরের ব্যবধানে ভারতকে সম্ভাব্য সব বড় শিরোপা এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস ৪ বার আইপিএল ও ২ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে তাঁরই নেতৃত্বে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও এখনো আইপিএল খেলে যাচ্ছেন সদর্পে।
এই তো কদিন আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই প্রথম দুই বলে দুই ছক্কা মেরেছেন ধোনি। পরে সতীর্থ বোলাররা বারবার নো বল দিলে কিপিংয়ের জায়গা ছেড়ে দৌড়ে তাঁদের কাছে গিয়ে পরামর্শ দিয়েছেন। অধিনায়কের অনুপ্রেরণায় ছন্দ খুঁজে পেয়ে দলকে জিতিয়েছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ তুষার দেশপাণ্ডে। গত রাতে চেন্নাইয়ের মুম্বাই জয়ের পেছনেও আছে ধোনির নেতৃত্বের চাতুর্য।
এতেই বোঝা যায়, ব্যাটসম্যান আর অধিনায়ক ধোনি এখনো আগের মতোই আছেন। তবে রবিন উথাপ্পা ধোনির নেতৃত্বগুণকেই এগিয়ে রাখছেন। সেটা এতটাই যে তাঁর দলের বিপক্ষে খেলতে গিয়ে ‘বিরক্ত’ হয়ে পড়ার কথাই বলেছেন।
ধোনির নেতৃত্বেই ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২১ আইপিএল জিতেছেন উথাপ্পা। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বেশির ভাগ সময়েই খেলেছেন ধোনির দলের বিপক্ষে। সে সময়কার কোনো এক ম্যাচের স্মৃতিচারণা করতে গিয়ে সাবেক ব্যাটসম্যান বলেছেন, ‘চেন্নাইয়ের বিপক্ষে খেলতে গিয়ে আমি খুব বিরক্ত হতাম। একটি ম্যাচে হ্যাজলউডের বলে ধোনি ফাইন লেগে ফিল্ডার রাখেনি। আমি বুঝতে পেরেছি, সে অফ স্টাম্পের বাইরে বল করবে। কিন্তু আমি ডিপ পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে গেলাম।’
ধোনি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের শক্তিমত্তা ও দুর্বলতাগুলো খুব ভালো বোঝেন বলে মত উথাপ্পার, ‘ধোনি এমন জায়গাগুলো দিয়ে ব্যাটসম্যানদের শট খেলতে বাধ্য করে, যেখানে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মন নিয়ে খেলে। শুধু ব্যাটসম্যানদেরই নয়, সে বোলারদের আলাদা কিছু ভাবতে বাধ্য করে।’