প্রতিদ্বন্দ্বিতার আঁচ ছিল না, প্রতিদ্বন্দ্বিতা হয়ওনি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর দ্বিতীয় মেয়াদে তাঁর পুনর্নিয়োগ চূড়ান্ত হয়েছে।
আগামী ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। দায়িত্ব বুঝে নেন একই বছরের ডিসেম্বরে।
আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব ছিলেন জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের এবং একই সঙ্গে দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটের জন্য সামনের সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন জয় শাহ। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’