মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

ধোনির অবসরে আইপিএলের ব্যবসায় কতটা প্রভাব পড়বে

একটা হলুদ জার্সি। মাথায় লম্বা চুলের বদলে এখন ছোট ছাঁট। উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা শান্ত, নির্বিকার এক মানুষ। কখনো শেষ ওভারে ব্যাট হাতে নেমে ম্যাচ ঘুরিয়ে দেওয়া। কখনো হেলিকপ্টার শটে বল পাঠিয়ে দেওয়া গ্যালারিতে। মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে আইপিএলের কত স্মৃতি! সেই দৃশ্য আর দেখা যাবে না।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি বিদায় নিয়েছেন ২০২০ সালে। এবার শেষ হলো আইপিএলেও তাঁর দীর্ঘ পথচলা। তবে ধোনির এই বিদায়কে শুধু একজন ক্রিকেটারের অবসর হিসেবে দেখলে ভুল হবে। কারণ, ধোনি এখন আর শুধু ক্রিকেটার নন। তিনি নিজেই একটি বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠান। নাম ‘ব্র্যান্ড ধোনি’।

মজার ব্যাপার, আইপিএল থেকে অবসরের আগেই ধোনিকে ছাড়াই একটি মৌসুম কাটিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ২০২৬ সালের আইপিএলে পায়ের পেশির চোটের কারণে একটি ম্যাচেও খেলতে পারেননি। মাঠে ছিল না তাঁর বিখ্যাত হেলিকপ্টার শট, শেষ ওভারের নাটকীয় ব্যাটিং কিংবা উইকেটের পেছনে ক্ষিপ্র স্টাম্পিং। অথচ বিজ্ঞাপনের দুনিয়ায় তাঁর উপস্থিতি ছিল আগের মতোই।

ট্যাম অ্যাডএক্সের হিসাবে, ২০২৬ সালের প্রথম ৯ মাসে টেলিভিশনে সেলিব্রিটিনির্ভর বিজ্ঞাপনের মোট ভলিউমের ৮ শতাংশ ছিল ধোনির। তাঁর ওপরে ছিলেন শুধু শাহরুখ খান। ৩৩টি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। ২০২৫ সালে ৫৯টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন ধোনি। ভারতীয় তারকাদের মধ্যে যা ছিল সর্বোচ্চ। অর্থাৎ মাঠে না থেকেও মাঠের বাইরের খেলায় দিব্যি টিকে আছেন ধোনি।

মাঠের বাইরে অন্য এক ধোনি

ধোনির বাণিজ্যিক মূল্য যে শুধু ক্রিকেটীয় পারফরম্যান্সের ওপর নির্ভর করে না, সেটি প্রমাণিত হয়েছে আগেই। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও বেড়েছে তাঁর ব্র্যান্ড ভ্যালু।

ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ক্রলের ২০২৫ সালের তালিকায় ধোনির ব্র্যান্ড ভ্যালু ছিল ১১ কোটি ৫৩ লাখ ডলার। ভারতীয় তারকাদের মধ্যে অবস্থান পঞ্চম। ২০২৬ সালে ফরচুন ইন্ডিয়া ও ইন্টারব্র্যান্ডের মূল্যায়নে তাঁর ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায় ২ হাজার ১৪১ কোটি রুপি।

আইপিএল ২০২৬ চলাকালে বিভিন্ন শিল্প খাতের অনুমান অনুযায়ী, প্রতি বিজ্ঞাপনী চুক্তিতে ধোনির পারিশ্রমিক ছিল প্রায় ৩ কোটি ৫০ লাখ থেকে ৬ কোটি রুপি। গাড়ি, আর্থিক সেবা, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও বিনোদন, নানা খাতের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। কুকু নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।

ধোনির বাণিজ্যিক মূল্য যে শুধু ক্রিকেটীয় পারফরম্যান্সের ওপর নির্ভর করে না, সেটি প্রমাণিত হয়েছে আগেই

কিন্তু ধোনির এই জনপ্রিয়তার রহস্য কী? ব্র্যান্ড কৌশলবিদ হরিশ বিজুরের মতে, ধোনির বাণিজ্যিক পরিচয়ের তিনটি বড় ভিত্তি আছে। শান্ত স্বভাব, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং ছোট শহর থেকে উঠে আসার গল্প। ‘ক্যাপ্টেন কুল’ পরিচয়টি তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁর বিশ্বাসযোগ্যতা, নেতৃত্বগুণ ও সংযত ব্যক্তিত্বই এখন বিজ্ঞাপনদাতাদের কাছে বড় সম্পদ।

গ্রেট লেকস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের বিপণন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অমিতের ধারণাও প্রায় একই। তাঁর মতে, আইপিএল থেকে অবসরে ধোনির ব্র্যান্ড ভ্যালু নষ্ট হওয়ার চেয়ে আরও সুসংহত হওয়ার সম্ভাবনাই বেশি। ব্যক্তিত্বের সততা, দক্ষতা, নেতৃত্বগুণ ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তাঁকে দীর্ঘদিন প্রাসঙ্গিক রাখবে।

আইপিএল হারাবে কী?

আইপিএল মানে শুধু ক্রিকেট নয়। প্রায় দুই মাসের এক বিশাল বাণিজ্যিক উৎসব। সেখানে ধোনি ছিলেন অন্যতম বড় আকর্ষণ। ধোনি কখন ব্যাট করতে নামবেন, কতক্ষণ খেলবেন, শেষ ওভারে কী করবেন, এসব নিয়ে দর্শকদের আগ্রহ ছিল আলাদা।

প্রতিপক্ষের মাঠেও চেন্নাইয়ের হলুদ জার্সিতে গ্যালারি ভরে যেত। তাঁর একটি ছক্কা, একটি স্টাম্পিং কিংবা ডাগআউট থেকে মাঠে যাওয়ার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিত। এই আগ্রহকে কাজে লাগাত বিজ্ঞাপনদাতা ও সম্প্রচারকারীরা। ধোনিকে ঘিরে তৈরি হয়েছিল আলাদা বিপণন কৌশল।

এবার সেই জায়গায় পরিবর্তন আসবে। তবে ধোনির অবসরে আইপিএলের ব্যবসায় বড় ধরনের ধস নামবে, এমনটা ভাবার কারণ নেই। টুর্নামেন্টটির আয় মূলত মিডিয়া স্বত্ব, কেন্দ্রীয় স্পনসরশিপ, ফ্র্যাঞ্চাইজিগুলোর বাণিজ্যিক চুক্তি ও অন্যান্য উৎসের ওপর নির্ভরশীল।

ধোনি ছিলেন চেন্নাইয়ের অন্যতম বড় আকর্ষণ

বরং চেন্নাই সুপার কিংসের জন্য পরীক্ষাটা কঠিন। টিকিট বিক্রি, মার্চেন্ডাইজ, স্পনসরশিপ ও দর্শক আগ্রহে ধোনির অনুপস্থিতির প্রভাব কতটা পড়ে, সেটিই দেখার বিষয়। যাঁরা শুধু ধোনিকে একবার মাঠে দেখার জন্য চেন্নাইয়ের ম্যাচ দেখতে যেতেন, তাঁরা কি এবারও যাবেন?

তবে চেন্নাইয়ের জন্য স্বস্তির জায়গাও আছে। খেলোয়াড় হিসেবে অবসর নিলেও মেন্টর হিসেবে দলের সঙ্গে থাকবেন ধোনি। নিলাম, অনুশীলন, কৌশলগত আলোচনা কিংবা ম্যাচের সময় ডাগআউটে দেখা যাবে তাঁকে। ফলে ধোনিকে ঘিরে তৈরি হওয়া আবেগের একটা অংশ ধরে রাখার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিটির।

দাম কমবে নাকি বাড়বে?

ধোনির অবসরের পর তাঁর ব্র্যান্ড ভ্যালু কমবে নাকি বাড়বে? প্রশ্নটা এখন বিজ্ঞাপনের বাজারেও। একদিকে আইপিএলের মতো বড় মঞ্চে নিয়মিত খেলার সুযোগ শেষ। নতুন প্রজন্মের দর্শকেরা তাঁকে মাঠে কম দেখবেন। অন্যদিকে বিরল হয়ে যাওয়া উপস্থিতির একটা আলাদা মূল্যও আছে। বিপণনের ভাষায় যাকে বলে ‘স্কার্সিটি ভ্যালু’। কোনো কিছু যত দুর্লভ হয়, তার প্রতি মানুষের আগ্রহও অনেক সময় তত বাড়ে।

ধোনির ক্ষেত্রেও সেটি ঘটতে পারে। তাঁর বিশেষ উপস্থিতি কিংবা কোনো প্রচার এখন আগের চেয়ে বেশি আলোচনার জন্ম দিতে পারে। তবে নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে পারছেন কি না, তার ওপর নির্ভর করবে এই জনপ্রিয়তার স্থায়িত্ব।
ধোনি আর ব্যাট হাতে মাঠে নামবেন না। শেষ ওভারে ম্যাচ জেতানোর সেই রোমাঞ্চও আর ফিরবে না। কিন্তু বিজ্ঞাপনের পর্দায়, ব্র্যান্ডের প্রচারে কিংবা চেন্নাইয়ের ডাগআউটে তাঁকে দেখা যাবে।

ক্রিকেটার ধোনির ইনিংস শেষ। কিন্তু ‘ব্র্যান্ড ধোনি’র ম্যাচে এখনো অনেক ওভার বাকি। কে জানে, ক্রিকেট ছাড়ার পর হয়তো এটাই তাঁর সবচেয়ে দীর্ঘ ইনিংস হতে যাচ্ছে!