ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার

আইপিএল নিয়ে টেন্ডুলকারের তিন প্রস্তাব

আইপিএলে ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে ভারসাম্য নেই—আইপিএল নিয়ে অনেকেরই এমন অভিযোগ। এবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কথায়ও বিষয়টি উঠে এসেছে।

আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি পুরোপুরি তুলে দিতেও বলছেন তিনি। চলতি আইপিএল ফাইনালের আগের রাতে আহমেদাবাদে ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডসে এসেছিলেন টেন্ডুলকার। সেখানেই আইপিএল নিয়ে এ কথা বলেছেন ভারতীয় কিংবদন্তি।

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হয়েছিল ২০২৩ সালে। এই নিয়ম অনুযায়ী টসের সময় দেওয়া পাঁচজন খেলোয়াড়ের তালিকা থেকে যেকোনো একজনকে মূল একাদশের খেলোয়াড়ের বদলে মাঠে নামানো যায়। মানে আইপিএলে প্রতিটি দল খেলে ১২ জন নিয়ে। এতে ব্যাটসম্যানেরা পান বাড়তি স্বাধীনতা। পরপর কয়েকটি উইকেট পড়ে গেলেও একাদশের বাইরে থেকে একজনকে নামানোর সুযোগ তাঁদের এই বাড়তি স্বাধীনতা দেয়।

তা টেন্ডুলকার কেন এই নিয়মের বিপক্ষে? বলেছেন সেটিও, ‘টি-টুয়েন্টি সংস্করণে মাত্র ২০ ওভারের খেলা হয়। সেখানে লাইনে আরও একজন বাড়তি ব্যাটসম্যান যোগ করা হচ্ছে। বোলাররা এমনিতেই অনেক চ্যালেঞ্জের মুখে থাকে। এই নিয়মের কারণে খেলায় একধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।’

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে দলগুলোর ব্যাটসম্যান খেলানোর সুযোগ বেড়েছে

ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনতে টেন্ডুলকার আরও দুটি পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, পাওয়ারপ্লেতে ব্যাটসম্যান ও বোলারদের দুই ভাগে ভাগ করা যেতে পারে। এর পাশাপাশি প্রতি ইনিংসে একজন বোলারকে পাঁচ ওভার করার সুযোগ দেওয়ারও প্রস্তাব করেছেন তিনি।

ব্যাখ্যা দিতে গিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘ছয় ওভারের পাওয়ারপ্লেতে ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকার অনুমতি থাকে। এভাবে ম্যাচের প্রথম চার ওভার ফিল্ড রেস্ট্রিকশন থাকুক। আর এরপর পাওয়ারপ্লের বাকি দুটি ওভার ফিল্ডিং অধিনায়ক নিজের সুবিধামতো সময়ে বেছে নেবেন। সেই টানা দুই ওভারে বৃত্তের বাইরে আরও একজন বাড়তি ফিল্ডার পাওয়া যাবে। এতে ফিল্ডিং দল ম্যাচটি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।’

টি–টুয়েন্টিতে একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারেন। টেন্ডুলকার পরিবর্তন চাইছেন এখানেও, ‘একজন বোলারকে ৫ ওভার বল করার অনুমতি দেওয়া উচিত। কারণ, স্বাভাবিকভাবেই দলের সেরা বোলারই সেই পঞ্চম ওভারটি করবেন। আপনারা কি সেই সেরা বোলারকে আরও বেশি বল করতে দেখতে চাইবেন না? শীর্ষ ব্যাটসম্যানেরা তো কখনো কখনো পুরো ২০ ওভারই ব্যাটিং করেন। তাহলে দলের সেরা বোলার কেন ৫ ওভার বল করতে পারবেন না?’