ইতালিকে রান তাড়ায় লড়াইয়ের সুযোগ দেননি স্কটল্যান্ডের বোলাররা
ইতালিকে রান তাড়ায় লড়াইয়ের সুযোগ দেননি স্কটল্যান্ডের বোলাররা

এবারের বিশ্বকাপে প্রথম ২০০ স্কটল্যান্ডের, ৭৩ রানের হারে অভিষেক ইতালির

প্রথম দুই দিনে ম্যাচ হয়েছে ৬টি, খেলেছে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। কিন্তু আগে ব্যাট করে এই দলগুলোর কোনোটাই ২০০ রান তুলতে পারেনি। অবশেষে এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপ প্রথম ২০০ রানের দেখা পেল আজ, সপ্তম ম্যাচে।

কলকাতায় ইতালির বিপক্ষে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড করেছে ৪ উইকেটে ২০৭, যা শুধু এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোরই নয়, টি–টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী সদস্যদেশেরও সর্বোচ্চ।

রেকর্ড গড়া ম্যাচটিতে রান তাড়ায় নামা ইতালিকে ১৩৪ রানে আটকে দিয়ে ৭৩ রানের বড় জয় পেয়েছে স্কটল্যান্ড। এবারের আসরে স্কটিশদের এটি দ্বিতীয় ম্যাচ হলেও ইতালির এটিই ছিল প্রথম ম্যাচ। এবারই প্রথম কোনো ক্রিকেট বিশ্বকাপে খেলছে ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওভারপ্রতি দশের বেশি রানের সমীকরণে ব্যাট করতে নেমে ইতালি ইনিংসের প্রথম বলেই হারায় জাস্টিন মসকার উইকেট। পাওয়ারপ্লের মধ্যে বিদায় নেন আরও দুই ইতালিয়ান ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে হ্যারি ম্যানেত্তি ও বেন ম্যানেত্তি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুই ভাইয়ের জুটিতে যোগ হয় ৭৩ রান।

হ্যারি ও বেন ম্যানেত্তির জুটিতে ৭৩ রান পায় ইতালি

তবে ১১৩ রানের মাথায় হ্যারি ম্যানেত্তি আউট হতেই বাকি ইনিংস হুড়মুড় করে ভেঙে পড়ে। মাত্র ২১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ১৩৪–এ থামে দলটি। অধিনায়ক ওয়েন ম্যাডসেন ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে উঠে যাওয়ার পর আর মাঠে নামেননি, ব্যাটিংও করেননি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে জর্জ মানসি ও মাইকেন জোনসের উদ্বোধনী জুটি থেকেই ১২৬ রান পেয়ে যায় স্কটল্যান্ড।

৮৪ রানের ইনিংস খেলেন জর্জ মানসি

মানসি ৫৪ বলে ৮৪ আর জোনস ৩০ বলে ৩৭ রান করে আউট হওয়ার পর দলকে বাকি পথে টানেন ব্র্যান্ডন ম্যাকমুলেন ও মাইকেল লিস্ক। ম্যাকমুলেন ১৮ বলে ৪১ ও লিস্কের ৫ বলে ২২ রানের দুটি অপরাজিত ঝোড়ো ইনিংস স্কটল্যান্ডকে নিয়ে যায় দুই শর ওপারে।

পরে অফ স্পিন বোলিংয়ে ১৭ রানে ৪ উইকেট নেন লিস্ক। হন ম্যাচসেরাও।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড: ২০ ওভারে ২০৭/৪ (মানসি ৮৪, ম্যাকমুলেন ৪১*, জোনস ৩৭; হাসান ১/২১)। ইতালি: ১৬.৪ ওভারে ১৩৪ (বেন ম্যানেত্তি ৫২, হ্যারি ম্যানেত্তি ৩৭, স্মাটস ২২; লিস্ক ৪/১৭, ওয়াট ২/২৪)। ফল: স্কটল্যান্ড ৭৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মাইকেল লিস্ক।