উপভোগ্য ফুটবল উপহার দিয়েছে দুই দল
উপভোগ্য ফুটবল উপহার দিয়েছে দুই দল

দারুণ উপভোগ্য ফুটবলে খুশি গার্দিওলা

ইতিহাদ স্টেডিয়ামে অসাধারণ ফুটবলই উপহার দিয়েছে দুই দল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগটা ৪–৩ গোলে জিতে, তাই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার স্বস্তিটা বোধগম্যই। যদিও স্কোরলাইন নিয়ে মনের কোণে এক ধরনের খচখচানি থাকাটা অস্বাভাবিক নয়, তারপরেও গার্দিওলার মতে, দর্শকদের মনের খোরাক হিসেবে ম্যাচটা হয়েছে দারুণই। সাত গোলের রোমাঞ্চ তো আর প্রতিদিন দেখা যায় না!

ম্যাচে ম্যানচেস্টার সিটি দুই গোলের ব্যবধানে এগিয়ে ছিল দুইবার। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সেমিফাইনালে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই দলের তিনটি করে গোল করার ঘটনা ঘটল। এর আগে ১৯৯৯ সালে বায়ার্ন মিউনিখ আর দিনামো কিয়েভের মধ্যকার সেমিফাইনাল ম্যাচে এমন কিছু ঘটেছিল।

সিটি কাল যেভাবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে, সেটি তাদের কোচকে খুশি করবেই। বিটি স্পোর্টসে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচটি ম্যানচেস্টার শহর ও সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের জন্য দারুণ গর্বের ছিল।’

নিজ দলের পারফরম্যান্সের দারুণ খুশি গার্দিওলা

তিনি সবচেয়ে বেশি খুশি তাঁর দলের সুযোগ তৈরির ব্যাপারটিতে, ‘আমরা বল নিয়ে অথবা বল ছাড়া যা করেছি, তা দুর্দান্ত। আমরা সুযোগ তৈরি করেছি। গোল করেছি। আমি আর কী চাইতে পারি আমার দলের কাছে। আমি এখন আমার খেলোয়াড়দের আরাম করতে বলেছি। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে, খেলাটাও হয়েছে দুর্দান্ত। চোখের জন্য আরামদায়ক একটা খেলা হয়ে গেল।’

গার্দিওলা রিয়াল মাদ্রিদ ও তাদের কোচ কার্লো আনচেলত্তিকে অভিনন্দন জানাতে ভোলেননি, ‘আমি রিয়াল মাদ্রিদ ও তাদের কোচ আনচেলত্তিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাঠে তারা দুর্দান্ত খেলেছে। একই সঙ্গে একটা জিনিস আমরা প্রমাণ করেছি, আমরা রিয়াল মাদ্রিদের সম পর্যায়ের দলই।’

বেনজেমার সেই ‘পানেনকা’ পেনাল্টি

ম্যাচের দ্বিতীয় মিনিটেই কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। দশ মিনিটের মধ্যেই গ্যাব্রিয়েল জেসুস স্কোরলাইন ২–০ করে দেন। খেলা তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলেই দুই গোলে এগিয়ে গিয়েও স্বস্তিতে ছিলেন না গার্দিওলা। ৩৩ মিনিটে করিম বেনজেমার গোলে ম্যাচে ফেরার পথ খুঁজে নেয় রিয়াল। যদিও ৫৩ মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের গোলে। ৫৫ মিনিটে ভিনিসিয়ূস প্রায় একক প্রচেষ্টায় আবারও গোল ব্যবধান কমান। ৭৪ মিনিটে বার্নার্দো সিলভার দুর্দান্ত শটের গোলের পরেও স্বস্তি মেলেনি ম্যানচেস্টার সিটির। ৮২ মিনিটে বেনজেমার পানেনকা পেনাল্টি স্কোরলাইন ৪–৩ করে দেয়।

বেনজেমা কালকের জোড়া গোল দিয়ে এ মৌসুমে তাঁর অসাধারণ ফর্ম ধরে রাখলেন। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলের সংখ্যা ৪১। তিনি এখন রিয়াল মাদ্রিদের ইতিহাসের পঞ্চম ফুটবলার যিনি এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০–এর বেশি গোল করলেন।

বার্নার্দো সিলভার পা থেকে আসে সিটির চতুর্থ গোল

ম্যাচ নিয়ে খুশি থাকলেও গার্দিওলার মনে যে একটা খচখচানি আছে, সেটি লুকোননি তিনি। তাঁর মতে আগামী সপ্তাহের দ্বিতীয় লেগের ম্যাচে তাদের চাপ থাকছেই। কোনো দল চার গোল করার পর এই চাপটা থাকা উচিত ছিল না, ‘প্রথমার্ধে রিয়াল যেভাবে খেলায় ফিরেছে, আমার মনে হয়, এই সুযোগটা আমরাই তৈরি করে দিয়েছি। আমাদের বিল্ডআপ ভালো ছিল না। দুর্ভাগ্যবশত, আমরা গোল খেয়েছি, আমরা আরও গোল করতে পারতাম। তবে মাদ্রিদে দ্বিতীয় লেগে আমরা জেতার জন্য সর্বস্ব উজাড় করে দেব।’