লিভারপুলের জয়

ইংল্যান্ডের সফলতম দুই দল ইউরোপিয়ান মঞ্চে—এটাই তো সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু ম্যাচটা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগ হওয়ায় হয়তো উত্তেজনার পারদ ততটা উঁচুতে চড়েনি। অবশ্য লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ অত উপলক্ষ মেনে চলে নাকি! উত্তেজনা ছড়ানো ম্যাচই হলো পরশু অ্যানফিল্ডে, যাতে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে লিভারপুল।
৪-৫ গোলে জিততেও পারত ‘অলরেড’রা। হয়নি শুধু ডেভিড ডি গেয়া গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়ায়। একের পর এক অতিমানবীয় সেভ করেছেন ইউনাইটেড গোলকিপার, শুধু ড্যানিয়েল স্টারিজের পেনাল্টি ও রবার্তো ফিরমিনোর পোস্টের কাছ থেকে নেওয়া শটগুলোই ফেরাতে পারেননি। ইএসপিএন।