একের পর এক বোমা ফাটিয়েই চলেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল।
কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সের্হিও রামোসের সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেসের কথোপকথন ফাঁস করে সংবাদমাধ্যমটি। যেখানে স্পষ্ট বোঝা গেছে, ২০২০ সালে ব্যালন ডি’অর জিততে রুবিয়ালেসকে তদবির করতে বলেছিলেন এই ডিফেন্ডার।
ক্যারিয়ারে কখনো ব্যালন ডি’অর জিততে পারেননি রামোস। ২০২০ সালের ১৬ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে রামোস-রুবিয়ালেসের মধ্যে ফোনে কথোপকথনের বার্তা প্রকাশ করেছে কনফিডেনশিয়াল। আরএফইএফ সভাপতিকে সেখানে রামোস অনুরোধ করেছিলেন, নিজের যোগাযোগক্ষমতা ব্যবহার করে ব্যালন ডি’অর জিততে তিনি যেন রামোসকে সহায়তা করেন।
এবার সে ঝড় থামতে না থামতেই আরেক খবর নিয়ে হাজির এল কনফিডেনশিয়াল। এ ঘটনারও অন্যতম কুশীলব রুবিয়ালেস। অপর প্রান্তে রামোসের জায়গায় জেরার্দ পিকে। ক্লাব ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে রামোসের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনায় খেলছেন পিকে।
এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তৎকালীন বান্ধবী শাকিরার সঙ্গে ডেভিস কাপের টেনিস ম্যাচ দেখার জন্য স্পেনের হয়ে মাঠে নামতে চাননি এই ডিফেন্ডার। রুবিয়ালেসকে অনুরোধ করেছিলেন, রোমানিয়ার বিপক্ষে ম্যাচের সময় যেন একটু এগিয়ে আনা হয়, যাতে নিরুপদ্রবে বান্ধবীর সঙ্গে স্পেন দলের টেনিস ম্যাচটা দেখতে পারেন পিকে। পরে যদিও ম্যাচটা ঠিক সময়েই হয়, পিকেকে ছাড়াই। পিকেহীন স্পেন রোমানিয়াকে বিধ্বস্ত করে ৫-০ গোলে।
এল কনফিডেনশিয়ালের খবর অনুযায়ী, এই ঘটনা ২০১৯ সালের। সূচিতে পরিবর্তন আনার জন্য রুবিয়ালেসকে অনুরোধ করে পিকে বলেছিলেন, ‘রুবি, আমি এখন এমন একটা ব্যাপার নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই, যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি এ ব্যাপারে আমাকে যে করেই হোক সাহায্য করো। আমি তোমাকে ব্যাখ্যা করছি। আমি দেখলাম, ১৮ নভেম্বর সোমবারে আমাদের একটা ম্যাচ আছে...স্পেন-রোমানিয়া। একই দিনে মাদ্রিদে ডেভিস কাপ শুরু হচ্ছে।’
শুধু ম্যাচ দেখার জন্য পিকে এত অনুরোধ করছেন, ভাবাটা ভুল। পিকের বান্ধবী শাকিরা সে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন, পিকে সেখানে সশরীর হাজির থাকতে চেয়েছিলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা থাকবে। আমার সঙ্গিনী অনুষ্ঠানে গান করবে, দুর্দান্ত এক উদ্বোধনী অনুষ্ঠান করব আমরা। বিকেলে সেই টুর্নামেন্টের ম্যাচ আয়োজিত হবে। ওয়ান্দাতে (আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো) বিকেলে আমাদের ফুটবল দলেরও ম্যাচ আছে, রোমানিয়ার বিপক্ষে। তাই দুই ম্যাচের জন্যই ব্যাপারটা সাংঘর্ষিক। আমি জানি না ওই ম্যাচের আগের সূচির কী অবস্থা, কিন্তু আমি চাই তুমি যেন ম্যাচটা অন্তত এক দিন এগিয়ে নিয়ে আসো। তাহলে দুর্দান্ত হয় ব্যাপারটা।’
যখন পিকে রুবিয়ালেসকে এ ব্যাপারে ধরনা দেওয়া শুরু করেছিলেন, তিনি জানতেন, ম্যাচের টিকিট বিক্রি করা শুরু করেনি স্পেনের ফেডারেশন।
সে কারণেই রুবিয়ালেসকে এত করে বলেছিলেন বার্সেলোনার এই ডিফেন্ডার, ‘আমি জানি না তুমি শুক্রবার বা মঙ্গলবারে খেলাবে কি না, সূচি অনুযায়ী একটা সিদ্ধান্ত নিয়ো। কিন্তু আমি জানি, তুমি এখনো এই ম্যাচের টিকিট বিক্রি শুরু করোনি। অর্থাৎ এখনো ম্যাচের তারিখ বদলানোর সময়-সুযোগ আছে। আমি অনুরোধ করব, তুমি যেন সেটাই করো।’
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কসমসের প্রতিষ্ঠাতা পিকে, যারা ডেভিস কাপ আয়োজনের সঙ্গে জড়িত। এটাও একটা কারণ পিকের এমন অদ্ভুত আবদারের পেছনে। পিকের এই অনুরোধের জবাবে রুবিয়ালেস বলেছিলেন, ‘ঠিক আছে, আমি দেখি কিছু করতে পারি কি না। আমি জানি না, এমনটা করা সম্ভব কি না। যদি সম্ভব হয় তাহলে করব।’