
এই দেশটার নাম তাঁর বুকের গভীরেই আঁকা। ৯ বছর পেশাদার ফুটবল খেলে গেছেন বাংলাদেশে। কতশত স্মৃতি লুকিয়ে আছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা অন্য শহরে। লম্বা সময় খেলার সুবাদে বন্ধু-সহচরের সংখ্যাও নেহাত কম নয়। এবার বাংলাদেশে এসেও বন্ধুত্ব বা স্মৃতির টান পাকির আলী অনুভব করছেন। তবে বাংলাদেশে এবার তিনি একটি বিরোধী শিবিরের প্রধান এক চরিত্র হয়ে। আগামীকাল নীলফামারীতে প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ তিনি। এসেছেন অবশ্য দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সাফে দল নিয়েই।
রংপুর বিভাগ এবারই প্রথম সাক্ষী হতে চলেছে কোনো আন্তর্জাতিক ম্যাচের। তাই নিরাপত্তার আর আতিথেয়তায় যেকোনো ঘাটতি থাকবে না, সেটা ভাবাই স্বাভাবিক। কাল বিকেলে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে আসা শ্রীলঙ্কা দলকে রংপুরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রংপুর জেলা ক্রীড়া সংস্থা। যে হোটেলে খেলোয়াড়েরা অবস্থান করছেন সেই নর্থভিউ হোটেলের নিরাপত্তার এই বেষ্টনী পেরিয়ে পাওয়া গেল পাকির আলীকে। প্রথম আলোর সঙ্গে একান্ত আলাপচারিতায় বললেন, ‘অনেক দিন পর বাংলাদেশে এলাম। ২০১১ সালে শেখ জামাল ফুটবল ক্লাবের কোচ ছিলাম। সেবার লিগ শিরোপা জিতেছিলাম।’
কোনো এক অদৃশ্য মায়ার টানে যেন বাঁধা পড়ে গেছেন বাংলাদেশের সঙ্গে। ধূসর-রঙিন নানা স্মৃতি হাতড়াতে হাতড়াতে বলছিলেন, ‘বাংলাদেশে যাওয়ার কথা শুনলেই আপ্লুত হয়ে পড়ি। এটা তো আমার দ্বিতীয় দেশ। এখানকার ফুটবলের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আমার! বাংলাদেশের প্রতি আমার এত মায়া জন্মেছে কীভাবে বোঝাই।’ ৮১ সাল থেকে টানা ৯ বছর এ দেশে ফুটবল খেলেছি।’
খেলোয়াড় হিসেবে ঢাকা আবাহনীতে খেলে গেছেন লম্বা সময়। তারপর এসেছেন কোচ হিসেবেও। বাংলাদেশের ফুটবলের গতিপথ তাই একেবারে অজানা নয় পাকির আলীর। ক্রিকেটের মতোই বাংলাদেশ ফুটবলেও উন্নতির দিকে যাবে, পাকির আলীর প্রত্যাশা এমনই, ‘ক্রিকেটে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। ফুটবলেও একটু একটু করে এগোচ্ছে। এ দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা যে কতটা, তা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন দেখেই বোঝা যায়। জানতে পেরেছি, এর মধ্যে স্টেডিয়ামের দর্শক গ্যালারির টিকিট শেষ হয়ে গেছে। এই প্রীতি ম্যাচে আমরা ভালো খেলা উপহার দিতে চাই। যাতে দর্শক আরও উৎসাহিত হয়। দুই দেশের সেতুবন্ধ সমৃদ্ধ হয়ে ওঠে।’
পাকির আলী জানিয়েছেন, ২০ সদস্যের শ্রীলঙ্কা দলের অধিকাংশ খেলোয়াড়ই নতুন। তিনজন অভিজ্ঞ খেলোয়াড়ের ওপরই বেশি আস্থা তাঁর। আজ বিকেলে রংপুর স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামার কথা পাকির আলীর।