বয়সভিত্তিক দলের দুরবস্থা, ভালো করছে না মেয়েদের দলও। মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ) তাই অনেক কিছুই নতুন করে ঢেলে সাজাতে চাইছে। এরই অংশ হিসেবে মেক্সিকোর ফুটবলে চলছে ছাঁটাইয়ের ঝড়। এর মধ্যেই এফএমএফ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছাঁটাই করেছে।
ছাঁটাই হওয়া তিন কর্মকর্তা এফএমএফের ক্রীড়া পরিচালক জেরার্দো তোরাদো, জাতীয় দলগুলোর ক্রীড়া পরিচালক ইগনাসিও হিয়েরো এবং ছেলেদের অনূর্ধ্ব-২০ দলের কোচ লুইস পেরেজ। সম্প্রতি মেয়েদের জাতীয় দল আর যুব দলের বাজে পারফরম্যান্সের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে এফএমএফ।
২০২২ সালের যুব কানকাকাফ চ্যাম্পিয়নশিপটা খুব বাজে কেটেছে মেক্সিকোর। কোয়ার্টার ফাইনালে গুয়াতেমালার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেছে তারা। এর ফলে ২০২৩ সালের যুব বিশ্বকাপ আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে আর খেলা হবে না মেক্সিকোর।
মেয়েদের ফুটবলেও সময়টা খুব খারাপ যাচ্ছে। মেয়েদের কনকাকাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মেক্সিকো। টুর্নামেন্টের আয়োজক হয়েও গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হেরেছে তারা, প্রতিপক্ষের জালে একটিও গোল করতে পারেনি। ফল হিসেবে যুব দলের মতো মেক্সিকোর মেয়েদের দলও খেলতে পারবে না ২০২৩ বিশ্বকাপ আর ২০২৪ অলিম্পিকে। এরপরও অবশ্য মেয়েদের জাতীয় দলের কোচ মনিকা ভেরগারাকে ছাঁটাই করেনি এফএমএফ।
ছাঁটাই নিয়ে এফএমএফের প্রেসিডেন্ট ইয়ন ডি লুইসা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ছেলেদের অনূর্ধ্ব-২০ দল আর মেয়েদের জাতীয় দল যে ফল করেছে, সেটা মেক্সিকোর ফুটবলের জন্য বড় এক ধাক্কা। এ কারণেই আমাদের এমন উদ্যোগ নিতে হয়েছে।’
এই ছাঁটাইয়ের প্রভাব ছেলেদের জাতীয় দলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন ডি লুইসা। ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পেলেও ছেলেদের জাতীয় দলের সময় খুব একটা ভালো কাটছে না। গত আগস্টে যুব দল ও মেয়েদের জাতীয় দলের মতো তারাও কনকাকাফ গোল্ড কাপে ব্যর্থ হয়েছে। ফাইনালে তারা হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। এ ছাড়া নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডার কাছে হেরেছে মেক্সিকো।