ইরান ফুটবল দল
ইরান ফুটবল দল

যুক্তরাষ্ট্রে খেলতে রাজি নয় ইরান, ম্যাচ মেক্সিকোতে সরানোর প্রস্তাব

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। গতকাল এ কথা জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে খেলা হয়তো ঠিক হবে না। ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুমকির পরই নড়েচড়ে বসেছে তেহরান।

মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে মেহেদি তাজ স্পষ্ট করে বলেন, ‘ট্রাম্প যখন নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা কোনোভাবেই আমেরিকা সফরে যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।’

বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে ফিফার প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হওয়ার কথা ফুটবলের এই মহাযজ্ঞ। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং সেই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

গত সপ্তাহেই ইরানের ক্রীড়ামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে খেলা তাদের জন্য অসম্ভব। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ভেন্যু পরিবর্তন না করলে ইরান আদৌ বিশ্বকাপে খেলবে কি না।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অবশ্য এখনো ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, ‘দিন শেষে খেলার সিদ্ধান্ত নেবে ফেডারেশন। আজ পর্যন্ত তারা আমাদের যা জানিয়েছে, তাতে তারা বিশ্বকাপে যাচ্ছে বলেই জানি।’