দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে সুবিধা করতে পারেনি ইরানের মেয়েরা
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে সুবিধা করতে পারেনি ইরানের মেয়েরা

নারী এশিয়ান কাপ

ইরান মাঠে হারল তিন গোলে, জিতল অনেকের মন

ইরান ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৮তম, দক্ষিণ কোরিয়া ২১তম। দুই দলের মাঠের লড়াইয়ে ফল কী হতে পারে, তা আন্দাজ করে নেওয়া কঠিন কিছু না। স্কোরলাইনেও কোরিয়ার পক্ষে ৩–০ গোল ব্যবধান থাকলেও ইরানের মেয়েরা তো আসলে মাঠে নেমেই জিতে গেছে!

দেশের বাতাসে বারুদের গন্ধ। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে একের পর এক বাড়ছে ধ্বংসস্তূপ। নিহত হয়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। তবে ইরানের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। ইরান রেড ক্রিসেন্টের তথ্যনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন।

সেই ধ্বংসস্তূপের মাঝে স্বজনদের রেখে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মেয়েদের এশিয়ান কাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলল ইরান। কোরিয়ার মেয়েদের বিপক্ষে তিন গোল হজম করে টুর্নামেন্ট শুরু করল তারা। ৩৭ মিনিটে চো ইউ–রির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির পর ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই–রি এবং ৭৫ মিনিটে ইউ জিন–কোর গোলে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।

বড় জয়ই পেয়েছে দক্ষিণ কোরিয়া

তবে সেটা শুধু মাঠের স্কোরলাইন। স্বদেশে চলমান ধ্বংসযজ্ঞ, স্বজনদের জীবন নিয়ে শঙ্কার মতো বিষয়গুলো বুকে পাথরচাপা দিয়ে খেলার মাঠে দাঁতে দাঁত চেপে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা কি স্কোরলাইনের চেয়েও বড় নয়? ইরানের মেয়েরা অন্তত সে জন্য একটি করতালি পেতেই পারেন এবং গ্যালারি থেকে সেটা তাঁরা পেয়েছেনও। কোরিয়ার রক্ষণে ইরানের মেয়েরা একটু ভীতির সঞ্চার করলেই করতালি ভেসে এসেছে গ্যালারি থেকে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলছে ইরান। ২০২২ সালে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এবার ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়া ইরানের বাকি দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।

সাধ্যমতো চেষ্টা করেও বড় হার এড়াতে পারেনি ইরান

৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। তিনটি গ্রুপে মোট ১২টি দল নিয়ে এ টুর্নামেন্টে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি জায়গা করে নেবে নকআউট পর্বে। এই তিনটি গ্রুপ থেকে শীর্ষ দুই তৃতীয় দলও উঠবে নকআউট পর্বে।