টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন মেসি
টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন মেসি

টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোল, তবে...

টানা দ্বিতীয় আর মৌসুমের ১৪তম গোলটি করলেন লিওনেল মেসি। কিন্তু ইন্টার মায়ামির দুঃসময় কাটল না। মেজর লিগ সকারে আজ কানাডীয় ক্লাব টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে সর্বশেষ পাঁচ ম্যাচে চতুর্থবার হারের তেতো স্বাদ পেল মায়ামি।

শনিবার নিজেদের মাঠে টরন্টোর বিপক্ষে ম্যাচের ৮২ মিনিটে গোলটি করেন মেসি। রদ্রিগো দি পলের বাড়ানো বল প্রথম স্পর্শেই জালে পাঠান আর্জেন্টাইন তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি বছর এটি মেসির ২৭তম গোল, ক্যারিয়ারের ৯২৩তম।

ম্যাচে মেসির গোলটি আসে টরন্টো দুই গোলে এগিয়ে যাওয়ার পর। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে (৫৯ ও ৬২) দুই গোল করে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। শেষ পর্যন্ত ওই দুই গোলই হয়ে যায় ম্যাচের ব্যবধান। ২১ ম্যাচে এটি টরন্টোর মাত্র পঞ্চম জয় হলেও টানা চার ম্যাচ অপরাজিত থেকে তারা এখন প্লে-অফের লড়াইয়ে ফিরেছে।

মৌসুমের ১৪তম গোল করেছেন মেসি

অন্যদিকে মায়ামির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। লিগস কাপে টানা দুই হারের পর গত সপ্তাহে এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। এরপর মাঝসপ্তাহে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে মেসির গোলেই হার এড়িয়েছিল। তার আগে লিগস কাপে প্রথম পর্বেই দুটি হারে বিদায় নেয় মায়ামি।

সব মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র মায়ামির। ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় মায়ামি এখন দ্বিতীয়, তবে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ১০ পয়েন্ট (যথাক্রমে ৩৯ ও ৪৯ পয়েন্ট)।