বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। ক্রীড়াজগতের এই মহাযজ্ঞ শুরু হতে আর ৫০ দিনও বাকি নেই। কিন্তু বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, চোটের কারণে তারকাপতনের শব্দও যেন ততই বাড়ছে।
ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকে দিয়েই বিশ্বকাপে প্রথম তারকাপতনের শব্দ শোনা গিয়েছিল। গত মার্চের শুরুতে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে যাওয়ায় মৌসুমের বাকি সময় এবং বিশ্বকাপ থেকে ছিটকে যান রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এরপর ছিটকে পড়াদের তালিকায় যুক্ত হয় দুই আর্জেন্টাইন তরুণ হুয়ান ফয়েথ ও ভ্যালেন্তিন কার্বনির নাম। একই ধারায় কদিন আগে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান ফ্রান্সের ফরোয়ার্ড হুগো একিতিকে। তবে এ তালিকা দীর্ঘায়িত হওয়ার প্রক্রিয়া সেখানেই থেমে যায়নি।
গতকাল রাতে বায়ার্ন মিউনিখের জার্মান তারকা সার্জ নাবরির নামও এ তালিকায় যুক্ত হয়। পাশাপাশি বিশ্বকাপে আরও বড় তারকা হয়ে ওঠার অপেক্ষায় থাকা দুই তরুণ লামিনে ইয়ামাল ও এস্তেভাওয়েরও চোটের কারণে এ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুজন যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকেই পড়েন, তবে সেটা তাঁদের দেশের জন্য বড় ধাক্কাই হবে। বিশ্বকাপের আমেজও নিশ্চিতভাবে অনেকটা কমে যাবে।
জার্মান তারকা নাবরি নিজেই গতকাল বিশ্বকাপ খেলতে না পারার খবরটি নিশ্চিত করেন। বায়ার্ন জানিয়েছে, নাবরির ডান ঊরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে গেছে। এ কারণে তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে এবং বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।
৩০ বছর বয়সী নাবরি ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘বিশ্বকাপের স্বপ্নটা দুঃখজনকভাবে আমার জন্য শেষ। দেশের বাকি সবার মতো আমিও টিভিতে বসে দলকে সমর্থন করব। এখন পুরো মনোযোগ থাকবে পুনর্বাসন এবং প্রাক্-মৌসুমের আগে ফেরার প্রস্তুতিতে।’
জার্মানি জাতীয় দলে নাবরি ছিলেন নিয়মিত মুখ। বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এবং মার্চের দুটি প্রীতি ম্যাচেও খেলেছেন। তাই জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমানের বিশ্বকাপ দলে তাঁর থাকাটা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু চোটে সব এলোমেলো হয়ে গেল।
সাম্প্রতিক সময়ে ব্রাজিল যেসব নতুন তারকাদের আবির্ভাব দেখেছে, এস্তেভাও তাঁদের অন্যতম। বলা যায়, তরুণদের মধ্যে এস্তেভাও নিজেকে সবচেয়ে বেশি প্রমাণ করেছেন। কিন্তু কিছুদিন ধরে চোটের কারণে ব্যাপকভাবে ভুগছিলেন এই উইঙ্গার। শেষ পর্যন্ত চোট কাটিয়ে ফিরলেও থিতু হতে পারেননি। ১৯ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির হারের রাতে আবারও ঊরুর চোটে পড়েন ১৮ বছর বয়সী তারকা। শেষ খবর হচ্ছে, এই চোটে এস্তেভাওয়ের বিশ্বকাপ খেলার সম্ভাবনা শঙ্কার মেঘে ঢেকে গেছে।
আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। এস্তেভাওকে এই স্কোয়াডে রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে ব্রাজিলের ফুটবলমহলে। এমনকি বিশ্বকাপের নকআউট পর্বে ফেরার সম্ভাবনা থাকলেও তাঁকে দলে রাখা হতে পারে বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।
আনচেলত্তির অধীনে ব্রাজিলের হয়ে ৭ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি ৫টি গোলও করিয়েছেন এস্তেভাও। ইতালিয়ান এই কোচের অধীনে ব্রাজিলের কোনো ফুটবলারের এটাই সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট। পাশাপাশি তাঁর খেলায় চিরায়ত ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্যও আছে। তাই এস্তেভাওকে কোনোভাবেই হারাতে চায় না ব্রাজিল। তবে এস্তেভাও যদি কাঙ্ক্ষিত সময়ে সেরে না ওঠেন, তবে বিশ্বকাপে তাঁকে হয়তো দর্শক হয়েই থাকতে হবে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এস্তেভাও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেলে নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এমনকি বেটিং মার্কেটের চিত্রও এরই মধ্যে অনেকটা বদলে গেছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। এস্তেভাওয়ের চোটে পড়ার খবর প্রকাশিত হওয়ার পর নেইমার বিশ্বকাপ খেলতে পারেবন কি না, এমন প্রশ্নে ‘হ্যাঁ’ উত্তর এসেছে প্রায় ৫০ শতাংশ, যা গত ১৭ মার্চ এই পোল খোলার পর থেকে সর্বোচ্চ। এমনকি ২১ এপ্রিলও এটি ছিল মাত্র ৩৪ শতাংশ। এ পরিস্থিতিতে এস্তেভাও ও নেইমারের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা জানতে আরও একটু অপেক্ষা করতে হবে।
এস্তেভাওয়ের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন ইয়ামালও। এ মুহূর্তে অন্যতম সেরা এই তারকাকে হারানো স্পেনের জন্য তো বটেই, বিশ্বকাপের জন্যই বিশাল এক ধাক্কা হবে। গতকাল সেল্তা ভিগোর বিপক্ষে বার্সার জয়ের রাতে পেনাল্টি থেকে গোল করার পর মাঠেই শুয়ে পড়েন ইয়ামাল। বোঝা যাচ্ছিল, বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছেন। বিরতির আগেই বার্সার মেডিক্যাল টিমের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইয়ামাল।
ইএসপিএনকে ক্লাবের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয়েছে, ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর এবং তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবারের (আজ) স্ক্যান রিপোর্টের পর। ইয়ামালের ভাগ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এখন আরও কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।