
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ দেখে আর আনন্দ পান না আর্নে স্লট। কয়েক দিন আগে এমন কথা বলেছিলেন লিভারপুল কোচ। গতকাল রাতে পয়েন্ট তালিকায় তলানির দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে তাঁর দলের ২-১ গোলে হারের ম্যাচও নিশ্চয়ই স্লটের ভালো লাগার কথা নয়। সহজ ভাষায়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরেছে এ মৌসুমে লিগের সবচেয়ে বাজে দলের কাছে।
সেটাও আবার স্লটের কাছে চেনা গল্পই। মানে লিভারপুলের হারের ধরনটা স্লটের কাছে পরিচিত। ৭৮ মিনিটে রদ্রিগো গোমেজের গোলে এগিয়ে যায় উলভস। ৮৩ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর যোগ করা সময়ের ৪ মিনিটে (৯৪ মিনিট) আন্দ্রের গোলে জয় তুলে নেয় উলভস।
ম্যাচে শেষ দিকে গোল করায় লিভারপুলের খ্যাতি ঐতিহাসিক পর্যায়ে পৌঁছালেও এবারের মৌসুমে উল্টো চিত্র দেখতে হচ্ছে স্লটের দলকে। প্রিমিয়ার লিগে এ নিয়ে ৫ ম্যাচে যোগ করা সময়ে (৯০ মিনিটের পর) গোল হজম করে হারল লিভারপুল। প্রিমিয়ার লিগের এক মৌসুমে আর কোনো দল যোগ করা সময়ে গোল হজম করে এত ম্যাচ হারেনি। ম্যাচ শেষে স্লট তাই বলতে বাধ্য হন, ‘কী বলব? সেই একই পুরোনো গল্প।’
২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভারপুল। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাঁরা পিছিয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে। ২৮ ম্যাচ খেলে চতুর্থ অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের ৩ পয়েন্ট ব্যবধান। আজ রাতে ভিলার বিপক্ষে চেলসি জয় পেলে লিভারপুলকে ছয়ে নামিয়ে পাঁচে উঠে আসবে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
লিভারপুলের সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থাকা চেলসি আপাতত ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ছয়ে। লিভারপুলের হাতে আছে আর ৯ ম্যাচ। এই বাকি পথে আরও হোঁচট খেলে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সুযোগ না পাওয়ার শঙ্কাও তৈরি হবে লিভারপুলের জন্য।
তবে এবারের লিগে ৯ হারের মধ্যে ৫টি যোগ করা সময়ে হজম করা গোলের কারণে হওয়ায় এ ব্যাপারটি বেশ ভাবাচ্ছে স্লটকে। উলভসের মাঠে হারের পর স্লট বলেন, ‘এ মৌসুমে আমাদের সঙ্গে এমনটা বহুবার ঘটেছে। যোগ করা সময়ে গোল হজম করাটা হয়তো কাকতালীয়, যদিও এমন ঘটনাও বেশ কয়েকবার হয়েছে। আজ আমরা প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দিইনি। একটি সুযোগ দিয়েছি, আর সেখান থেকে ২টি গোল হজম করেছি।’
চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে এই হার কতটা প্রভাব ফেলবে, এমন প্রশ্নে স্লট বলেন, ‘এটি আরেকটি ধাক্কা। এ ফলাফলে আমরা নিজেদের কোনো সহায়তা করিনি, একেবারেই না। তবে এখনো নয়টি ম্যাচ বাকি। মৌসুমের শেষের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।’
উলভসের মাঠ মলিনিউক্স স্টেডিয়ামে গত সপ্তাহে পয়েন্ট হারিয়েছে ভিলা। তার আগে আর্সেনাল এ মাঠে পয়েন্ট হারায়। গত পাঁচ দিনে মলিনিউক্স স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে যতগুলো জয় দেখা গেছে, তার সমান জয় আগের ১০ মাসে দেখা যায়নি।
ঘরের মাঠে ভিলা ও লিভারপুলের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচেই জিতল উলভস।২০১৭-১৮ মৌসুমে ওয়েস্ট ব্রমউইচের পর পয়েন্ট তালিকার তলানিতে থাকা প্রথম দল হিসেবে এক মৌসুমে শীর্ষ পাঁচের দুটি দলকে হারাল রব এডওয়ার্ডসের দল। গতকাল রাতে জয়ের পর এডওয়ার্ডস বলেন, ‘এটা লিভারপুল ফুটবল ক্লাব। আপনি যে অবস্থানেই থাকুন না কেন, তাদের হারাতে পারা মানে মুহূর্তটাকে উপভোগ করতে হবে।’
৩০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে ২০ তম উলভস।