‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান এভাবেই পরিষ্কার করেছেন হামজা চৌধুরী। তবে নেতৃত্ব পাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই তাঁর। দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই মিডফিল্ডার।
শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগের দিন আজ এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করছে বাংলাদেশ দল।
অনুশীলনে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন। বাংলাদেশের হয়ে আমি এখনো ১৫টির কম ম্যাচ খেলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের সবাই যেন একই চিন্তা নিয়ে এগোতে পারে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অনেকটা পরিবারের মতো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব।’
বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা চলছে। দীর্ঘ সময় জামাল ভূঁইয়া নেতৃত্ব দিলেও তাঁর অনুপস্থিতিতে কখনো তপু বর্মণ, কখনো সোহেল রানার হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে জামালকে অধিনায়ক ভাবা হলেও শেষ পর্যন্ত নেতৃত্ব দেওয়া হয়েছে তপুকে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে তপু চোটের কারণে খেলতে না পারায় অধিনায়কত্ব করেন জামাল।
এমন পরিস্থিতিতে হামজার মতো অভিজ্ঞ ও তারকা ফুটবলারকে কেন অধিনায়ক করা হচ্ছে না, তা নিয়েও আলোচনা আছে। ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য থাকলেও জাতীয় দলে এখনো তাঁর ম্যাচের সংখ্যা কম। তবে অধিনায়কত্বের দায়িত্ব পেলে যে পিছিয়ে থাকবেন না, সেটি স্পষ্ট করে দিয়েছেন হামজা।
অধিনায়কত্ব নিয়ে আলোচনা থাকলেও আপাতত তাঁর সব মনোযোগ সাফের শিরোপায়। ২০০৩ সালের পর আর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জিততে পারেনি বাংলাদেশ। ২৩ বছরের সেই অপেক্ষা এবার ঘোচাতে চান হামজা। নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতারও সুযোগ দেখছেন তিনি, ‘বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জেতেনি। ইনশা আল্লাহ, এবার আমরা শিরোপা দেশে ফিরিয়ে আনতে পারব।’
শুধু শিরোপা জয়ের স্বপ্নই নয়, টুর্নামেন্টে নিজেদের ফেবারিটও মনে করেন হামজা। তাঁর আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেবারিট। অন্তত আমি তা-ই মনে করতে চাই।’
সাফে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে স্বাগতিকেরা। ম্যাচটি জিতলে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।