১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠার খুব কাছে বাংলাদেশ
১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠার খুব কাছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ, ভুটানের কাছে ১ গোলে হারলেও সেমিফাইনাল নিশ্চিত

সাফের সেমিফাইনালে উঠতে ভুটানের সঙ্গে আজ রাতে জয় না ড্র দরকার বাংলাদেশের? উত্তরটা পাওয়া গেছে আজই লেবানন-মালদ্বীপ ম্যাচ শেষে। মাঠে নামার আগে জামাল ভূঁইয়াদের জন্য ভালো খবর, বাংলাদেশের দরকার ড্র। এমনকি হারলেও সম্ভব, ব্যবধান হতে হবে ১ গোলের মধ্যে।

মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের কাজটা তুলনামূলক সহজ করে দিয়েছে শক্তিতে এগিয়ে থাকা লেবানন। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ২৩ মিনিটে ফ্রি–কিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন লেবাননের অধিনায়ক হাসান মাতুক, যিনি বাংলাদেশের বিপক্ষেও গোল করেছিলেন। বাকি সময়ে লেবানন গোলের সুযোগ পেয়েছে আরও কয়েকটি।

ব্যবধান যা–ই হোক, এই জয়ে গ্রুপের তিন ম্যাচই জিতে ৯ পয়েন্ট নিয়ে লেবানন উঠে গেছে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে। গ্রুপের দ্বিতীয় সেরা দল নির্ধারিত হবে আজ রাত আটটায় বাংলাদেশ-ভুটান ম্যাচের মাধ্যমে।

সাফের সেমিফাইনালে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০০৯ সালে। সেই থেকে ২০১১, ২০১৩, ২০১৫ , ২০১৮ সালে গ্রুপ থেকেই বিদায়। ২০২১ সালে সর্বশেষ সাফে গ্রুপভিত্তিক খেলা হয়নি। পাঁচ দল নিয়ে রবিন লিগ ভিত্তিতে খেলা শেষে শীর্ষ দুটি দল ওঠে ফাইনালে। বাংলাদেশ পাঁচ দলের টুর্নামেন্টে হয়েছিল চতুর্থ।

মালদ্বীপকে ১–০ গোলে হারিয়েছে লেবানন

এবার তাই প্রত্যাশার লাগাম টেনে ধরে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে বেঙ্গালুরু গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভালো খেললেও শেষের দিকে লেবাননের কাছে ২ গোল হজম করে টুর্নামেন্ট শুরু করেন জামালরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ আজ লক্ষ্য পূরণের খুব কাছে দাঁড়িয়ে। প্রতিপক্ষ হিসেবে লেবানন বা মালদ্বীপের মতো নয় ভুটান। সমীকরণ এমন যে, ভুটানের কাছে হেরেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, তিন দলের পয়েন্ট সমান হলে গোল গড় আগে বিবেচনায় আসবে। গোল গড়ে বেশ পিছিয়ে ভুটান। প্রথম দুই ম্যাচে ভুটান ১টি গোল করে ৬টি খেয়েছে। তিন ম্যাচ শেষে মালদ্বীপ গোল করেছে ৩টি, খেয়েছে ৪টি। বাংলাদেশ দুই ম্যাচে ৩ গোল করে ৩ গোল খেয়েছে। এই মুহূর্তে গোল ব্যবধানে ভুটান -৫, মালদ্বীপ -১ আর বাংলাদেশ ‍+শূন্য।

এ অবস্থায় বাংলাদেশ ভুটানের কাছে ১ গোলে হারলে বাংলাদেশ-মালদ্বীপ দুই দলের গোল ব্যবধান হবে সমান -১। সে ক্ষেত্রে মালদ্বীপকে হারানোয় হেড টু হেডে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। তবে ২ গোলে হারলে বিপদ আছে, বাংলাদেশ টপকে শেষ চারে যাবে মালদ্বীপ। তবে এসব হিসাব–নিকাশের কোনো প্রয়োজনই নেই, যদি বাংলাদেশ ম্যাচটা অন্তত ড্র করে, জিতলে তো কোনো সমীকরণেরই দরকার নেই।

অন্যদিকে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ হতাশা হয়ে থাকল মালদ্বীপের কাছে। আজ অন্তত ড্র করলেও তাদের আশা বেঁচে থাকত। কিন্তু মালদ্বীপ দলটা এখন অনেক ক্ষয়িষ্ণু। আলী আশফাকের মতো তারকা নেই। ফলে আক্রমণে শক্তি হারিয়েছে অনেকটা। বাংলাদেশের বিপক্ষে গোল করা হামজা মোহামেদকে সামনে রেখে আজ আক্রমণের চেষ্টা করেছে মালদ্বীপ। কিন্তু লেবানন অনেকটাই এগিয়ে থাকায় মালদ্বীপের পক্ষে গোলমুখ খোলা সম্ভব হয়নি।

বাংলাদেশের গ্রুপ থেকে সেরা হওয়ায় লেবানন সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের সঙ্গে। বাংলাদেশ সেমিফাইনালে গেলে দেখা হবে ‘এ’ গ্রুপের সেরা কুয়েতের সঙ্গে।