অক্টোবরে সর্বশেষ দেখায় জিতেছিল আর্সেনাল
অক্টোবরে সর্বশেষ দেখায় জিতেছিল আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগ

আতলেতিকো না আর্সেনাল, মাদ্রিদে হাসবে কারা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। লিগ পর্বে আতলেতিকোকে ৪–০ গোলে হারিয়েছিল আর্সেনাল।

কোকে নার্ভাস। ১৭ বছর পেশাদার ফুটবল খেলার পরও আতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার পেটে প্রজাপ্রতির নাচন টের পাচ্ছেন। সেটি পাওয়ারই কথা। উপলক্ষটা তো কম বড় নয়, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল! এই ধাপ পেরোতে পারলেই ১০ বছর পর আবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে আতলেতিকো, আবার ফাইনাল খেলার সুযোগ পাবেন ৩৪ বছর বয়সী স্প্যানিশ তারকা। কে জানে, এরপর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাও জিতে যেতে পারে মাদ্রিদের ‘দ্বিতীয় সেরা’ ক্লাবটি।

সেই লক্ষ্যে কোকেদের পথের কাঁটা আর্সেনাল। আতলেতিকোর মতো তাঁরাও এখনো ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলতে ব্যর্থ। তিনবার ফাইনালে উঠে ব্যর্থ আতলেতিকো আর আর্সেনাল ফাইনালে খেলেছে একবারই, ২০০৬ সালে। ২০ বছর পর আবার ফাইনাল খেলার স্বপ্ন দেখা দলটিই এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল।

এমন দুটি দলই আজ রাতে মাদ্রিদে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে। গত সপ্তাহেই ম্যানচেস্টার সিটির কাছে হেরে প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। তবে সব ভুলে আজ ইতিহাসকে বরণ করে নিতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন ডেকলান রাইস।

কাল সংবাদ সম্মেলনে রাইস সতীর্থদের মনে করিয়ে দিলেন নিজেদের সাম্প্রতিক ইতিহাস, ‘গত তিন-চার বছরে কঠিন ম্যাচগুলোতে আমরা সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলেছি। আমরা এখন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালিস্ট। চলুন উপভোগ করি আর সাফল্যের শিখরে উঠি।’

‘নার্ভাস’ কোকেও সতীর্থদের উপভোগের মন্ত্র শুনিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘তারিখটা যতই ঘনিয়ে আসে, পেটের ভেতরে সব মুচড়ে ওঠে, বান্ধবীর সঙ্গে প্রথমবার ডেটে গেলে যেমনটা হয়। তবে প্রস্তুতিতে গা গরম শুরু করলেই সব উধাও। সেমিফাইনাল খেলছেন, এই রোমাঞ্চ সঙ্গী করেই খেলতে হবে।’

ধারাবাহিক আর্সেনাল, না চরম অধারাবাহিক আতলেতিকো—মাদ্রিদে আজ হাসবে কারা?