আনচেলত্তি বিশ্বকাপ দলে কি নেইমার থাকবেন
আনচেলত্তি বিশ্বকাপ দলে কি নেইমার থাকবেন

আজ ব্রাজিলের দল ঘোষণা: নেইমার কি পেরেছেন আনচেলত্তিকে সন্তুষ্ট করতে

‘কমেডি অব এরর’ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজেকে প্রমাণের পর্ব শেষ করেছেন নেইমার। সাও পাওলোতে কোরিবিতার বিপক্ষে ম্যাচ দিয়ে গতকাল রাতে দুর্ঘটনাবশত বদলি হিসেবে মাঠ ছাড়তে হয় নেইমারকে। সেই ঘটনা নিয়ে তোলপাড় চললেও এখন আর কিছুই বদলানোর সুযোগ নেই। শেষ ৩৫ মিনিট খেলতে না পারার আফসোস নিয়েই নেইমার এখন তাকিয়ে থাকবেন কার্লো আনচেলত্তির দল ঘোষণার দিকে। সাম্প্রতিক সময়ে যে পারফরম্যান্স ও ফিটনেসের গল্প রেখে গেলেন, তা দিয়েই তাঁকে বিশ্বকাপ দলে রাখা না-রাখার সিদ্ধান্ত নেবেন ইতালিয়ান এই কোচ।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায়ের পর থেকে কঠিন এক সময় পার করেছেন নেইমার। বিশেষ করে একের পর এক চোট নেইমারকে মাঠে থিতুই হতে দেয়নি। এর মধ্যে একাধিকবার ক্লাবও বদলেছেন।

একপর্যায়ে ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে। সবকিছুর মূলে ছিল একটা বিষয়, বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করা। কিন্তু গতকাল রাত পর্যন্তও নিজেকে নিয়ে নিশ্চিত কোনো বার্তা দিতে পারেননি নেইমার। এদিকে আজ সোমবার রাত ২টায় দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু অদ্ভুত এক দোদুল্যমান পরিস্থিতিতে এখন নেইমার-ভক্তরাও। নেইমার কি শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাবেন?

যদি নাম হিসেবে বিবেচনা করা হয়, তবে নেইমার এখনো ব্রাজিলের সেরা তারকা। ফিট থাকলে নিজের দিনে একাই পার্থক্য গড়ে দিতে পারেন। বড় ম্যাচে নেইমার প্রতিপক্ষের জন্য এখনো আলাদাভাবে আতঙ্কের কারণ হয়ে থাকবেন। তার ওপর ব্রাজিলের বর্তমান দলে এমন কোনো তারকা নেই, যাঁকে সুযোগ দিতে নেইমারকে বাদ দেওয়া যায়। এখানেও অবশ্য কিন্তু আছে।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাননি নেইমার। লম্বা সময়ের এই বিরতিতে ব্রাজিল দলের অনেক কিছু বদলেছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে কোচ হিসেবে যোগ দিয়েছেন আনচেলত্তি। যিনি গত কয়েক মাস একটি নির্দিষ্ট কৌশল ও পরিকল্পনায় দলকে প্রস্তুত করেছেন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি

তাঁর সেই পরিকল্পনায় নেইমার কীভাবে নিজেকে মানিয়ে নেবেন, সেই প্রশ্নও উঠেছে। তবে চোটের কারণে রদ্রিগো ও এস্তেভাও ছিটকে যাওয়ায় এই জায়গায় কিছুটা সুবিধা পাবেন নেইমার। এই দুজন না থাকায় ফরোয়ার্ড লাইনে যে ঘাটতি তৈরি হবে, নেইমার তা অনায়াসে মেটাতে পারেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ের কিছু পারফরম্যান্সও নেইমারকে নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে।

গতকাল রাতে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করা নিয়ে নেইমার বলেন, ‘শারীরিকভাবে আমি এখন খুব ভালো অনুভব করছি। প্রতিটি ম্যাচের সঙ্গে আমি উন্নতি করেছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ব্যাপারটা সহজ ছিল না। সত্যি বলতে, একদমই সহজ ছিল না। অনেক বছরের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার শারীরিক অবস্থা আর আমি কী করছি, তা নিয়ে অনেক ভুল কথাও শুনতে হয়েছে।’

সমালোচকদের কটাক্ষ কষ্ট দিলেও শেষ পর্যন্ত নিজেকে নিয়ে খুশি বলেও মন্তব্য করেছেন নেইমার, ‘মানুষ যেভাবে এসব নিয়ে কথা বলেছে, সেটা খুব কষ্ট দিয়েছে। আমি চুপচাপ বাসায় থেকে কঠোর পরিশ্রম করেছি। মানুষের কথায় কষ্ট পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়েছে। আমি সুস্থ অবস্থায় সেই জায়গায় পৌঁছাতে পেরেছি, যেখানে পৌঁছাতে চেয়েছিলাম। এখন পর্যন্ত নিজের পারফরম্যান্স আর যা করেছি, তাতে আমি খুশি। আগামীকাল (আজ) কী হবে, সেটা সৃষ্টিকর্তাই জানেন।’

ভুলবশত বদলি হওয়ার পর হতাশ নেইমার

আজ রাতে শেষ পর্যন্ত নেইমার যদি আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা পান, তবে সেটি দারুণ এক ঘটনা হবে। কারণ, গত প্রায় চার বছর পরিস্থিতি একেবারেই তাঁর নিয়ন্ত্রণে ছিল না। ২০২২ বিশ্বকাপের পর থেকে নেইমার সব মিলিয়ে ১১ বার চোটে পড়েছেন। যে কারণে ৮০৭ দিন মাঠের বাইরে থেকে মিস করেছেন ১১৪টি ম্যাচ।

তবে শেষ দিকে এসে কিছুটা থিতু হয়েছেন নেইমার। বিশেষ করে চলতি মৌসুমের পারফরম্যান্স নেইমারকে নিয়ে কিছুটা আশাবাদী করে তুলতে পারে ভক্তদের। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৬ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড। এর আগে ২০২৪–২৫ মৌসুমে ৩০ ম্যাচে ১১ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছিলেন।

বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তো নেইমারকে

তবে পারফরম্যান্স নয়, নেইমারের দলে থাকা বা না–থাকার পেছনে বড় ভূমিকা রাখবে তাঁর ফিটনেস। ফিট নেইমারকে বাদ দেওয়ার চিন্তা কোনো কোচই করবেন না। এর আগে একাধিকবার একই কথা বলেছেন আনচেলত্তি নিজেও। তবে সেই ফিটনেসে নেইমার খুব বেশি ভরসা দিতে পারছেন না। প্রতিনিয়ত কিছু না কিছু লেগেই আছে। সর্বশেষ গতকাল রাতেও চোটে পড়েন নেইমার, যদিও তা দুশ্চিন্তা করার মতো নয়। তবে বিশ্বকাপ চলাকালে যে নেইমার চোটে ছিটকে যাবেন না, সে নিশ্চয়তাই–বা কে দিতে পারবে!

এরপরও নেইমারকে দলে নেওয়ার জন্য চাপ আছে আনচেলত্তির ওপর। বর্তমান–সাবেক ফুটবলাররাও তাঁকে দলে রাখার পক্ষে। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা একান্তই আনচেলত্তির। সেই আনচেলত্তির কাছে নেইমার নিজেকে প্রমাণ করতে পেরেছেন কি না, সেটা জানতে অপেক্ষা করতে হবে আজ রাতে দল ঘোষণা পর্যন্ত।