ফন ডাইকদের হতাশা
ফন ডাইকদের হতাশা

সব হারিয়ে লিভারপুলের চোখ এখন চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ায়

মাত্র এক বছরের কম সময় আগে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। এরপর সাফল্যের সাম্রাজ্য বড় করতে দলবদলে তারা খরচ করল রেকর্ড ৪৮ কোটি ১৯ লাখ ইউরো। ইউরোপ থেকে বাছাইকৃত তারকাদের নিয়ে দল সাজিয়ে শুরুটাও ভালোভাবে করে তারা। কিন্তু প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচ জেতার পরই পথ হারায় অ্যানফিল্ডের ক্লাবটি। সেই যে পথ হারিয়েছে, তারপর হারানো সেই পথটা আর খুঁজেই পাওয়া হলো না লিভারপুলের।

চলতি মৌসুমে সব শিরোপাই হাতছাড়া হলো তাদের। সর্বশেষ গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ২–০ গোলে হারে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪–০ গোলের হারে বিদায় নিয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি।

পুরো মৌসুমে লিভারপুলের সাফল্য এখন নির্ভর করছে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ার ওপর; যদিও কাজটা একেবারেই সহজ হবে না। চ্যাম্পিয়নস লিগে খেলা না খেলার সঙ্গে জড়িয়ে আছে লিভারপুল কোচ আর্নে স্লটের ভবিষ্যৎও। চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারাটা ‘কোনোভাবেই গ্রহণযোগ্য’ হবে না বলে মন্তব্য করেছেন স্লট নিজেও।

পিএসজির বিপক্ষে হারের মধ্যে দিয়ে চলতি মৌসুমে ১৭তম হারের তেতো স্বাদ পেল লিভারপুল। তবে পারফরম্যান্সের দিক থেকে এটি ছিল ভালো ম্যাচগুলোর একটি। ৭২ মিনিটে উসমান দেম্বেলের গোলের আগে ইউরোপের চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ লড়াই করে লিভারপুল। বিষয়টি স্বীকার করেন পিএসজি কোচ লুইস এনরিকেও, ‘দুটি দলই খুব ভালো ফুটবল খেলেছে, ম্যাচটা ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

লিভারপুল কোচ আর্নে স্লট

তবে লিভারপুলের জন্য এসব কথা শুধু্ই সান্ত্বনার। বাস্তবতা হচ্ছে, দুই ম্যাচে ৪–০ গোলে হেরে বিদায় নিয়েছে তারা। সে সঙ্গে ভেঙে গেছে শিরোপা জয়ের সব স্বপ্নও। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে সেই হতাশা আড়াল করেননি স্লটও, ‘অবশ্যই আমরা ভীষণ হতাশ। দ্বিতীয়ার্ধে এমন কিছু সময় ছিল, যখন মনে হচ্ছিল, এখন যদি একটা গোল করতে পারি, তাহলে রাতটা বিশেষ কিছু হয়ে উঠতে পারে।’

শূন্য হাতে মৌসুম শেষ হলেও দল নিয়ে আশাবাদী স্লট, ‘তবে এই দল ও এই ক্লাবের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমরা দেখিয়েছি, নিজেদের মাঠে ইউরোপের চ্যাম্পিয়নদের সঙ্গেও সমানে লড়তে পারি। পিএসজির মতো দলের বিপক্ষে আধিপত্য দেখানো বা এত সুযোগ তৈরি করা সব দলের পক্ষে সম্ভব নয়।’

এখন প্রশ্ন একটাই—স্লটের অধীন লিভারপুল কি আগামী মৌসুমে আবার চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে? এই উত্তর পেতে অপেক্ষা করতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম লিভারপুল। সামনের ম্যাচগুলোয় পারফরম্যান্স আশানরূপ না হলে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সুযোগ না–ও পেতে পারে লিভারপুল।

ইংলিশ ক্লাবটির দুঃসময়কে আরও কঠিন করে তুলেছে উগো একিতিকের চোট। গতকাল রাতে ম্যাচের ৩২ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। ম্যাচের ২৭ মিনিটে পিছলে গিয়ে ডান পায়ে, বিশেষ করে গোড়ালিতে চোট পান এই ফরাসি স্ট্রাইকার। ম্যাচ শেষে তাঁর চোট নিয়ে স্লট বলেছেন, ‘দেখে ভালো মনে হচ্ছে না। আসলে অবস্থা বেশ খারাপ বলেই মনে হচ্ছে। তবে ঠিক কতটা খারাপ, সেটা এখনই বলা কঠিন। আগামীকাল আমরা আরও পরীক্ষা করে দেখব।’