
চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ প্রথম লেগে ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনায় কিছুদিন আগেও বেশ উত্তপ্ত ছিল ফুটবল–বিশ্ব। এই ঘটনায় অভিযুক্ত বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে তদন্ত চলাকালে এক ম্যাচ অস্থায়ীভাবে নিষিদ্ধ করে উয়েফা। আপিল করেও শাস্তি এড়াতে পারেননি বেনফিকার এই আর্জেন্টাইন উইঙ্গার। গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ ফিরতি লেগে তাই দর্শক হয়েই থাকতে হয় প্রেস্তিয়ান্নিকে।
ভিনিসিয়ুস–প্রেস্তিয়ান্নির ঘটনাকে কেন্দ্র করে নতুন একটি অভিযোগ নিয়ে হাজির হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার। বর্তমানে নেদারল্যান্ডসে টেলিভিশন–বিশ্লেষক হিসেবে কাজ করা স্নেইডার দাবি করেন, বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে প্লে-অফ প্রথম লেগের সে ঘটনা নিয়ে মন্তব্যের পর তিনি অনলাইনে হয়রানির শিকার হয়েছেন, আর এই হয়রানির উৎস প্রেস্তিয়ান্নির দেশ আর্জেন্টিনা।
স্নেইডার বলেছেন, ‘এটি এক ভয়ংকর পরিস্থিতি। গত সপ্তাহে আর্জেন্টিনার কাছ থেকে আমি ৪ হাজার প্রাণনাশের হুমকি পেয়েছি। প্রত্যেকেরই মতামত প্রকাশ করার অধিকার আছে। যারা আমাকে হুমকি দিচ্ছে, তাদেরও মতামত আছে। আর আমি আমার দৃষ্টিতে যা দেখছি, তার ভিত্তিতে আমারও একটি মতামত রয়েছে।’
স্নেইডার হুমকি পেয়েছেন প্রেস্তিয়ান্নির আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর। মাঠে মুখ ঢেকে ভিনিসিয়ুসের সঙ্গে প্রেস্তিয়ান্নির সেই কথোপকথন নিয়ে স্নেইডার বলেছিলেন, ‘প্রেস্তিয়ান্নির উচিত ছিল সাহস দেখানো এবং মুখ না ঢেকে ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলা। তুমি যদি কথাটা বলতে চাও, অন্তত মুখ না ঢেকে বলো। এটি অত্যন্ত নিন্দনীয় যে মানুষ এখনো কালো মানুষকে “বানর” বলে ডাকে।’
সমালোচনার ধারায় স্নেইডার আরও একটি তীক্ষ্ণ মন্তব্য করেন, ‘ওহ, আরেকটি কথা। প্রেস্তিয়ান্নির কালো সতীর্থ আছে। তারা বিষয়টা নিয়ে কী ভাবছে?’ মূলত এসব সমালোচনার জেরেই আর্জেন্টাইনদের কাছ থেকে হুমকি পেতে শুরু করেন সাবেক এই ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ তারকা।
এই ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ প্রথম লেগে রিয়াল–বেনফিকা ম্যাচ থেকে। রিয়ালের ১–০ গোলে জেতা সেই ম্যাচে গোলের পর ভিনি উদ্যাপন করতে কর্নার ফ্ল্যাগের কাছে গেলে সেখানে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয় প্রেস্তিয়ান্নির।
আর তখনই ভিনির উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেন প্রেস্তিয়ান্নি। ভিনিসিয়ুসের পাশে থাকা অঁরেলিয়ে চুয়ামেনি জানান, ভিনি তাঁর সতীর্থদের বলেছেন প্রেস্তিয়ান্নি তাঁকে ‘বানর’ বলেছেন। এমবাপ্পের দাবি, প্রেস্তিয়ান্নি ভিনিকে পাঁচবার ‘বানর’ বলেছেন।