লা লিগার শিরোপাদৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নামার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। লিগে বাকি ম্যাচগুলোয় রিয়ালকে ঘোচাতে হবে পয়েন্টের এই বিশাল ব্যবধান। সে জন্য শুধু নিজেদের ম্যাচগুলো জেতাই যথেষ্ট নয়, বার্সার হারের প্রার্থনাও করতে হবে আলভারো আরবেলোয়ার দলকে।
তবে বার্সার হাতে থাকা ৭ ম্যাচে ৯ পয়েন্ট হারানো কল্পনা করা একটু কঠিনই। ফলে অলৌকিক কিছুর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে রিয়ালকে। পাশাপাশি সেরে রাখতে হবে নিজেদের জেতার কাজটুকুও। সে লক্ষ্যে আলাভেসের বিপক্ষে ২–১ গোলের জয়ে মাঠ ছেড়েছে রিয়াল। মাদ্রিদের ক্লাবটির হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।
এর ফলে লা লিগায় দুই ম্যাচ পর জয়ে ফিরল আরবেলোয়ার দল। পাশাপাশি শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ছয়ে নামিয়েছে তারা। ৩১ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৯, ৩২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৩। আজ রাতে নিজেদের মাঠে সেল্তা ভিগোর মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচে জিতলে আবারও রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান নয়ে নিয়ে যেতে পারবে হান্সি ফ্লিকের দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পে লিগে তাঁর ২৪তম গোলটি করেন। ৩০ মিনিটে তাঁর নেওয়া শটটি প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই দূরপাল্লার জোরালো শটে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। যোগ করা সময়ে টনি মার্তিনেজের গোলে হারের ব্যবধান কমাতে পেরেছে আলাভেস।
জয়ের পর রিয়াল কোচ আরবেলোয়া বলেন, ‘আমাদের সামনে এখন ছয়টি ম্যাচ। তিন দিনের মধ্যেই পরের ম্যাচ। লক্ষ্য একটাই, সব কটি ম্যাচ জেতা। দল হিসেবে আমরা এ লক্ষ্যই ঠিক করেছি।’
মৌসুম শেষে আরবেলোয়া রিয়ালের কোচ পদে থাকবেন কি না, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে খুব বেশি ভাবতে চান না স্প্যানিশ এই কোচ, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য কী ঝুঁকি আছে, তা নিয়ে আমি খুব একটা ভাবি না। রিয়াল মাদ্রিদের জন্য যা গুরুত্বপূর্ণ, সেটাকেই আমি গুরুত্ব দিই।’
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর শিরোপা ছাড়া টানা দ্বিতীয় মৌসুম শেষ করার শঙ্কায় আছে রিয়াল। এখন অলৌকিক কোনো উপায়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করতে পারলে সেটাই হবে রিয়ালের জন্য বড় অর্জন।
লিগে রিয়াল পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টার সে ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ রিয়াল বেতিস।