সাংবাদিকদের দিকে আঙুল উঁচিয়ে আছেন রোনালদো
সাংবাদিকদের দিকে আঙুল উঁচিয়ে আছেন রোনালদো

সাংবাদিককে কেন ভালো প্রশ্ন করতে বললেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো কদিন আগেই বলছিলেন, এক ম্যাচ খারাপ খেললেই মানুষ তাঁর অবসর নিয়ে প্রশ্ন শুরু করে। বয়স আর ফর্ম নিয়ে কথা শুনতে শুনতে যে রোনালদো বিরক্ত, সেটি এবার রাখঢাক করেননি সংবাদ সম্মেলনে। সাংবাদিকের প্রশ্নে কিছুটা মেজাজ হারিয়েই উল্টো বললেন, তিনি জানেন এই সাংবাদিক তাঁকে পছন্দ করেন না।

সংবাদ সম্মেলনে শুরু থেকেই সাংবাদিকদের আগ্রহ ছিল রোনালদোর অবসর নিয়ে। অবসরের কথা শুনতে শুনতে বিরক্ত রোনালদো তাই সরাসরিই বললেন, ‘আপনাদের কথায় তো আর আমি অবসর নেব না। আমার যখন ইচ্ছে হবে তখন অবসর নেব। এখন খেলাটা উপভোগ করছি।’

শুধু এইটুকু বলেই রোনালদো থেমে থাকেননি। সাংবাদিককে সরাসরি দেখিয়ে প্রশ্নও ছুড়ে দিয়েছেন। ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেলচারকে আঙুল তুলে দেখিয়ে বলেন, ‘আপনি প্রশ্ন করুন। আমি জানি আপনি আমাকে একদমই পছন্দ করেন না। আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করুন তো।’

মাইক পেয়ে বেলচার জিজ্ঞেস করেন, ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসে সবচেয়ে কঠিন বিষয় কোনটি? রোনালদো ঠোঁটকাটা জবাব দিতে এক মুহূর্ত দেরি করেননি। ‘সবচেয়ে কঠিন বিষয়? সবচেয়ে কঠিন হলো আপনার মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলা। বিশেষ করে যাঁরা আমাকে একদমই পছন্দ করেন না। আমি জানি আপনিও তাঁদের মধ্যে একজন। এত দিন ধরে কথা বলি, আমার চেহারা মনে থাকে। আপনার চেহারাটাও আমার ভালোভাবেই মনে আছে।’

বিশ্বকাপের আগে রোনালদোর বোন বলেছিলেন এই বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন। রোনালদো পরিষ্কার করে দিয়েছেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। তবে এটাই যে তাঁর শেষ বিশ্বকাপ, সেটাও জানিয়ে দিয়েছেন সংবাদ সম্মেলনে। বেলচারকে দেওয়া উত্তরটা টেনেই বলেন, ‘যতটা পারছি বিশ্বকাপটা উপভোগ করার চেষ্টা করছি। কারণ, এটাই আমার শেষ বিশ্বকাপ। আশা করি, স্পেনের বিপক্ষে ম্যাচটা শেষ ম্যাচ হবে না।’