পিএসজি অধিনায়ক মার্কিনিওসের সঙ্গে এমবাপ্পে
পিএসজি অধিনায়ক মার্কিনিওসের সঙ্গে এমবাপ্পে

পিএসজির সঙ্গে এমবাপ্পের সমস্যা মিটে গেছে, দাবি ব্রাজিলিয়ান তারকার

মাঠে ও মাঠের বাইরে নানা ধরনের সমস্যায় জর্জরিত পিএসজি। মাঠের খেলায় ছন্দ নেই। সমর্থকদের মেসিকে দুয়ো দেওয়া নিয়ে চারদিকের সমালোচনা, কিলিয়ান এমবাপ্পে—নেইমারের সম্পর্কের শীতলতা নিয়ে আলোচনার সঙ্গে মাঠের বাইরের যে সর্বশেষ সমস্যা যোগ হয়েছে, সেটি ক্লাবের সমালোচনা করে এমবাপ্পের বক্তব্য।

পিএসজির মৌসুমের টিকিটধারীদের ২০২৩–২৪ মৌসুমের টিকিট নবায়নের আহ্বান জানিয়ে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে প্যারিসের ক্লাবটি। প্রচারণামূলক সেই ভিডিওতে দেখা যায়নি দুই শীর্ষ তারকা লিওনেল মেসি ও নেইমারকে, যা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে নানা গুঞ্জন। গত কদিন ধরে মেসির ক্লাব ছাড়ার কথাও শোনা যাচ্ছে। আলোচনায় আছে নেইমারের দলবদলও।

এ ছাড়া ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ভিডিও নিয়ে পিএসজিকে ধুয়ে দিয়েছেন এই ফরাসি তারকা।

পিএসজির অনুশীলনে ফুরফুরে মেজাজে মার্কিনিওস ও এমবাপ্পে

ভিডিওতে তাঁকে না জিজ্ঞেস করেই তাঁর কথা যুক্ত করা হয়েছে বলেই খেপেছেন এমবাপ্পে। এই ঘটনার পর পিএসজিকে ঘিরে নতুন করে আবার শুরু হয় আলোচনা। অনেকেই বলতে শুরু করেন, এবার এমবাপ্পের সঙ্গে তিক্ততাই তৈরি হবে পিএসজির।

তবে গত পরশু নিসের বিপক্ষে ২–০ গোলে জেতার পর পিএসজির অধিনায়ক মার্কিনিওস বলেছেন, এমবাপ্পের সঙ্গে সমস্যা মিটে গেছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের কথা, ‘আমরা যখন সকালের নাশতা খেতে গিয়েছিলাম, আমি তাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম। কারণ, কী ঘটেছে আমি তা বুঝতে চেয়েছি।’

মার্কিনিওস এরপর যোগ করেন, ‘সে তার বিষয়টি ব্যাখ্যা করেছে। আমার মনে হয়, সে যে ভুলটা পেয়েছে তা নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করেছে। আমার মনে হয়, ঝামেলা মিটে গেছে।’