হাতাহাতি, মন–কষাকষি খেলোয়াড়দের মধ্যে হতেই পারে। কিন্তু রিয়াল মাদ্রিদে সেটা হলো খুব বাজে সময়ে। একেবারে মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে। যে কারণে লা লিগায় আজ ক্লাসিকোর উত্তাপ ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের অস্থিরতা। মাঠের ব্যর্থতার সঙ্গে ড্রেসিংরুমে অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদে ভালভের্দের মধ্যকার অপ্রীতিকর ঘটনা যেন বারুদ ছিটিয়েছে চারদিকে।
মাদ্রিদের বাতাস যখন এমন বারুদগন্ধী, ঠিক তখন ওপারে বার্সেলোনা শিবিরে বইছে বসন্তের হাওয়া। মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’র আগে হান্সি ফ্লিক যেন এক নির্লিপ্ত সাধু।
আজ তাঁর সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন হলো রিয়ালের অস্থির ড্রেসিংরুম নিয়ে। তবে সব প্রশ্নেই যেভাবে বিতর্ক এড়িয়ে উত্তর দিলেন ফ্লিক, তাতে বোঝা গেল, প্রতিপক্ষের ঘর পুড়লেও তিনি তাতে আলু পোড়া দিতে আগ্রহী নন।
সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচের সামনে রিয়ালের অন্তঃকোন্দল নিয়ে প্রশ্নের বাণ ছুটে আসাটাই ছিল স্বাভাবিক। কিন্তু ফ্লিক যেন ঠিক করে রেখেছিলেন, তিনি বিতর্কে জড়াবেন না। শান্ত গলায় জানালেন, ‘আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, সেটা আমার কাজ নয়।’ তবে রিয়ালের গৃহবিবাদে যে তিনি খানিকটা বিস্মিত, সেটা লুকাননি। ফ্লিকের ভাষায়, ‘এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম। তবে আমাকে ভাবতে হবে শুধু আমার ক্লাব আর দল নিয়ে।’
লা লিগার সমীকরণ বলছে, এই ম্যাচে হার এড়ালেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। ক্লাসিকোর রোমাঞ্চ যখন তুঙ্গে, তখন মাঠের বাইরের ঘটনায় মনোযোগ হারিয়ে কোনো দুর্ঘটনা ঘটাতে চান না জার্মান এই কোচ, ‘আমাদের মূল কাজ হলো খেলা এবং মাঠের পরিকল্পনায় স্থির থাকা। আমরা দারুণ একটা মৌসুম কাটাচ্ছি এবং কালও সেটার প্রতিফলন দেখতে চাই। আমি চাই দল হিসেবে খেলতে, অন্য কিছু নিয়ে ভাবার সময় আমার নেই।’
প্রতিপক্ষের ড্রেসিংরুমে যখন দরজা বন্ধ করে ঝগড়া, নিজের ড্রেসিংরুম নিয়ে ফ্লিক বেশ আত্মবিশ্বাসী। এর পেছনে বার্সার একাডেমি লা মাসিয়ার একটা বড় ভূমিকা আছে বলেও মনে করেন ফ্লিক, ‘আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। লা মাসিয়া এটিকে বিশেষ করে তুলেছে, কারণ এখানে এমন খেলোয়াড়েরা আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছেন। আমি বলছি না যে লকার রুমে কখনো কোনো সমস্যা হয় না, এমনটা হয়েই থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে যোগাযোগটা দারুণ—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
লা লিগায় রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা আগামীকাল জিতলে বা ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত করবে।