২–১ গোলে জিতেছে আবাহনী
২–১ গোলে জিতেছে আবাহনী

মোজাফফরভের অলিম্পিক গোলের রোমাঞ্চ ছাপিয়ে দিয়াবাতে জাদুতে আবাহনীর জয়

দেশের ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, মোহামেডান ও আবাহনীর লড়াই মানেই অন্য রকম উত্তেজনা। কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ সেই লড়াইয়েরই সাক্ষী হলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভের অবিশ্বাস্য এক ‘অলিম্পিক গোল’ ম্যাচের শুরুতেই রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত সুলেমান দিয়াবাতের গোলে ২-১ ব্যবধানে পাওয়া জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেডই।

ম্যাচের ঘড়িতে তখন মাত্র ৩ মিনিট। কর্নার থেকে মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ বাঁকানো শট নেন। গোলরক্ষক মিতুল মারমা বলের গতিপথ বুঝতে বিভ্রান্ত হলে বল সরাসরি জালে জড়িয়ে যায়। দর্শনীয় এই ‘অলিম্পিক গোল’ দেখে গ্যালারির হাজারখানেক মোহামেডান দর্শক যখন উল্লাসে মাতোয়ারা, আকাশি-নীল শিবিরে তখন হতাশা।

তবু গোল শোধে মরিয়া হয়ে ওঠে আবাহনী। শেখ মোরছালিন ও চোটে ভোগা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রুনো ওলিভয়েরাকে ছাড়াই নিয়মিত একাদশে সাজিয়েছিলেন কোচ মারুফুল হক। তাতে আকাশি–নীলেরা আক্রমণে শক্তি হারালেও ম্যাচের ১৭ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।

গোলের পর মিরাজুল

এমেকার বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে মোহামেডান ডিফেন্ডার মাহবুবকে বোকা বানিয়ে দারুণ এক গড়ানো শটে গোলরক্ষক সুজনকে পরাস্ত করেন তিনি। সমতায় ফেরার পর নাইজেরিয়ান এমেকা আরও একটি সুবর্ণ সুযোগ পেলেও গোললাইনের সামনে বলে ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে আবাহনীর কোচ কৌশল বদলে মাঠে নামান শেখ মোরছালিনকে, শেষ দিকে নামেন আল আমিন। তবে তার আগেই ম্যাচের ৬৬ মিনিটে আসে প্রতীক্ষিত জয়সূচক গোল। এমেকার ঠেলে দেওয়া বল ধরে ডান পায়ের নিখুঁত শটে মোহামেডানের বদলি গোলরক্ষক সাকিব আল হাসানকে পরাস্ত করেন মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

২০২৪ সালের মে মাসে ফেডারেশন কাপের ফাইনালে এই মাঠেই আবাহনীর বিপক্ষে ৪ গোল করেছিলেন দিয়াবাতে। অবিশ্বাস্য ফাইনাল জিতে ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তোলে সাদা–কালোরা। আজ সেই দিয়াবাতের গোলেই হারতে হলো তাঁর পুরোনো ক্লাবকে।

আবাহনী তুলনামূলক ভালো খেলেছে। সবাই একসঙ্গে আক্রমণে উঠেছে, আবার নেমেছে। খেলোয়াড়দের রানিং সামর্থ্য বেড়েছে। মাঝমাঠে কিছু সমস্যা ছিল, তবে মোহামেডানও খারাপ খেলেনি। কিন্তু ম্যাচের দ্বিতীয় গোলটা তারা আদায় করতে পারেনি লক্ষ্যভেদে বোয়াটেং নিখুঁত না হওয়ায়। যোগ করা ১০ মিনিট সময়ের শেষ দিকে তাঁর হেড যায় বাইরে। অতিরক্ত সময়ের ষষ্ঠ মিনিটে লাল কার্ড দেখেন মোহামেডানের ডিফেন্ডার শাকিল আহাদ।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল আবাহনী। অন্যদিকে ১ ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস আর ২১ পয়েন্ট নিয়ে তিনে ফর্টিস এফসি। পয়েন্ট টেবিলের ছয়ে থেকে ম্যাচ খেলতে নামা সাদা–কালোর আরও নিচে নেমে যাচ্ছে। ২৩ বছরের অপেক্ষা শেষে গত মৌসুমে লিগ জেতার পর এবার আলফাজ আহমেদের দলের অবস্থা বেশ খারাপ।

উজবেক মিডফিল্ডার মোজাফফরভের উল্লাস

আজকের আবাহনী–মোহামেডান ম্যাচটি কিছু মানুষের জন্য অন্য কারণেও আবেগের ছিল। ম্যাচ কমিশনার হিসেবে এটিই ছিল মনসুর আজাদের শেষ ম্যাচ এবং এদিনই অবসর নিয়েছেন সাবেক ফিফা রেফারি ভুবন মোহন তরফদার।

গ্যালারিতে দুই দলের সমর্থকদের চিৎকারে প্রচণ্ড গরমের মধ্যেও সৃষ্টি হয়েছিল উৎসবমুখর পরিবেশের। ভিআইপি বক্সে এই ম্যাচ উপভোগ করতে দেখা গেছে বাফুফের দুই কোচ গোলাম রব্বানী ছোটন ও হাসান আল মামুনকে। মাঠেও ছিল তীব্র লড়াই। ছিল চোটে পড়ার ঘটনাও। বল গ্রিপ করতে গিয়ে মাটিতে পড়ে চোট পান আবাহনী গোলরক্ষক মিতুল। চোটে পড়েছেন আবাহনীর ডিফেন্ডার হাসান মুরাদও। চোট গুরুতর হওয়ায় মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাঁকে।