সতীর্থদের দিয়ে ২ গোল করানোর পর নিজেও গোল পেয়েছেন লামিনে ইয়ামাল
সতীর্থদের দিয়ে ২ গোল করানোর পর নিজেও গোল পেয়েছেন লামিনে ইয়ামাল

বার্সা-লিভারপুলের জয়ের রাতে বায়ার্নের গোলের ইতিহাস

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। লা লিগায় আজ কাতালান ডার্বিতে এসপানিওলকে ৪-১ গোলে হারিয়ে রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে বার্সা। আজ জিতেছে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো বড় দুই ক্লাবও। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ফুলহামকে। বুন্দেসলিগায় বায়ার্ন সেন্ট পাউলিকে হারিয়েছে ৫-০ গোলে। গোলের নতুন রেকর্ড গড়েছে বায়ার্ন।

শিরোপার আরও কাছে বার্সা

ঘরের মাঠে ফেরান তোরেসের জোড়া গোলে ২৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৫৬ মিনিটে এসপানিওল একটি গোল শোধ করে চাপে রাখে স্বাগতিকদের। তবে ৮৭ ও ৮৯—২ মিনিটের ব্যবধানে লামিনে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ডের গোলে ৪-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে বার্সা।

৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট হান্সি ফ্লিকের দলের। সমান ম্যাচে ৭০ পয়েন্ট চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের।

চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন উজ্জ্বল লিভারপুলের

লিভারপুলকে ২–০ গোলে এগিয়ে দেওয়ার পর মোহাম্মদ সালাহ

অ্যানফিল্ডে ফুলহামকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে অবস্থান শক্ত করেছে লিভারপুল। ৩৬ মিনিটে তরুণ রিও এনগুমোহা বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন। ৪ মিনিট পর ডান প্রান্ত থেকে গোল করেন বিদায়ী মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ।

৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন পাঁচে। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৮ পয়েন্ট নিয়ে ছয়ে।

বায়ার্নের গোলের ইতিহাস

বুন্দেসলিগায় ৫৪ বছরের পুরোনো গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার সেন্ট পাউলির বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটে লিওন গোরেৎস্কার করা গোলটি চলতি মৌসুমে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির গোলের সংখ্যা নিয়ে যায় ১০২-এ। পরে আরও ৩ গোলে করেছে বায়ার্ন।

নিজেদের রেকর্ডই ভেঙেছে বাভারিয়ান পরাশক্তিরা। ১৯৭১-৭২ মৌসুমে আগের রেকর্ড ১০১টি গোল করেছিল বায়ার্ন।  কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও উলি হোনেসদের নিয়ে গড়া সেই দলটির গড়া রেকর্ডটিই টিকে ছিল ৫৪ বছর। ওই রেকর্ড পাঁচ ম্যাচ হাতে রেখেই ভাঙল কেইন-মুসিয়ালা-দিয়াজের বায়ার্ন।

রেকর্ড ভাঙা গোলের পর লিওন গোরেৎস্কা

৩৫তম লিগ শিরোপার আরও কাছে যাওয়া বায়ার্ন ম্যাচটি জিতেছে ৫-০ গোলে। জামাল মুসিয়ালার গোলে ৯ মিনিটে এগিয়ে যায় দলটি। ৫৩ মিনিটে রেকর্ড ভাঙা গোলটি করেন গোরেৎস্কা। তিন মিনিট পর ব্যবধানটা ৩-০ করেন মাইকেল ওলিসে। ৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন নিকোলাস জ্যাকসন। ৮৮ মিনিটে শেষ গোলটি রাফায়েল গেরেইরোর।

২৯ ম্যাচের ২৪টিতেই জেতা বায়ার্নের পয়েন্ট ৭৬। আজই লেভারকুসেনের কাছে হেরে যাওয়া ডর্টমুন্ড দুইয়ে ৬৪ পয়েন্ট নিয়ে।