কিছু গোল থাকে, যা শুধু স্কোরবোর্ড বদলায় না, বদলে দেয় একটি দেশের ফুটবল-স্বপ্ন। কারও জন্য খুলে দেয় নতুন ইতিহাসের দরজা, কারও জন্য রেখে যায় দীর্ঘশ্বাস।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত শনিবার তেমনই একটি গোল হলো। ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ থ্রো করলেন। বলটি সরাসরি চলে গেল পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে বল পেলেন আবদুল সামাদ। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে নিলেন। ভেতরের দিকে কাট করে বাঁ পায়ের নিচু শট। বল জালে।
একমুহূর্ত আগেও যে গ্যালারিতে ছিল ফাইনালে ওঠার স্বপ্ন, সেখানে নেমে এল নীরবতা। বাংলাদেশের ২৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর পাকিস্তান প্রথমবারের মতো উঠে গেল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দুই দলের ভাগ্য বদলে দেওয়া সেই বাঁ পায়ের মালিক কে?
আবদুল সামাদ। জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে, ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি। মা–বাবা পাকিস্তানি বংশোদ্ভূত। জন্ম, বেড়ে ওঠা, ফুটবলের হাতেখড়ি সবই ইউরোপে। অথচ আন্তর্জাতিক ফুটবলে তাঁর ঠিকানা পাকিস্তান।
ফুটবলের এই গল্পে ভৌগোলিক দূরত্বটা বেশ মজার। ইউরোপের ফুটবল-সংস্কৃতিতে বেড়ে ওঠা এক তরুণ এশিয়ার একটি দেশের হয়ে লিখছেন নতুন ইতিহাস। সামাদের ফুটবলের শুরু ডেনমার্কের বি-৯৩ ক্লাবের বয়সভিত্তিক দলে। ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন দুর্দান্ত। ৪০ ম্যাচে করেছেন ৩১ গোল। জিতেছেন অনূর্ধ্ব-১৯ লিগও। ২০২১ সালের নভেম্বরে বি-৯৩-এর মূল দলে অভিষেক। পরের বছর যোগ দেন এইচবি কোগেতে।
এরপর এক ক্লাব থেকে আরেক ক্লাব। ডেনমার্কের হেলেরুপ আইকে, এফএ ২০০০, ইশহয়, ব্রনশয়। খেলেছেন সুইডেনের এসকিলসমিনেও। গত জানুয়ারিতে যোগ দেন ডেনমার্কের শীর্ষ লিগের ক্লাব কোল্ডিং আইএফে। ক্লাব বদলেছে, বদলেছে ঠিকানা; কিন্তু প্রতিটি জায়গা থেকে নিজের খেলায় কিছু না কিছু যোগ করেছেন এই উইঙ্গার। গতি, ড্রিবলিং আর একের বিপক্ষে এক লড়াইয়ে তাঁর দক্ষতা বেড়েছে।
পাকিস্তানের হয়ে সামাদের যাত্রা শুরু ২০২৩ সালে। ইউরোপে বেড়ে ওঠা এই তরুণ এখন দলটির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবারের সাফে অবশ্য শুরু থেকেই তাঁকে পায়নি পাকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে হওয়ায় বিদেশি লিগে খেলা পাঁচ ফুটবলারকে ছাড়াই খেলতে হয়েছে দলটিকে। নকআউট পর্বে তাঁরা যোগ দেন। সেই পাঁচজনের একজন সামাদ। আর এসেই কী না করে দেখালেন!
বাংলাদেশের বিপক্ষে গোলটি করার পর নিজের আনন্দ লুকাননি সামাদ। গোলের মুহূর্তটি নিয়ে বলেছেন, ‘বলটি আমার পায়ে আসার পর মাথায় একটাই পরিকল্পনা ছিল—ভেতরের দিকে কাট করে শট নেওয়া। আলহামদুলিল্লাহ, ঠিক সেটাই করেছি। আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না, সেটি জানতেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে কোচের পরামর্শ ছিল স্বাভাবিক খেলা খেলতে হবে। নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। সামাদের কথায়, ‘কোচ আমাদের স্বাভাবিক খেলাটা উপভোগ করতে এবং নিজেদের খেলার দিকে মনোযোগ দিতে বলেছিলেন। বিশ্বাস ছিল, ভালো খেলতে পারলে জয় আসবেই।’
সেই বিশ্বাসের পুরস্কার এখন ফাইনাল। ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। এবার অবশ্য পরিস্থিতি আলাদা। বাংলাদেশের বিপক্ষে জয় পাকিস্তানকে আত্মবিশ্বাসী করে তুলেছে। সামাদও সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই ফাইনালে যেতে চান, ‘এই জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ভারতের বিপক্ষে এই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই। জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
সামাদের সামনে এখন নতুন ইতিহাসের হাতছানি। প্রথমবারের মতো সাফের শিরোপা জয়ের সুযোগ পাকিস্তানের। আর সেই ইতিহাসের পথে সবচেয়ে বড় পদক্ষেপটি হয়তো তিনি ইতিমধ্যে নিয়েই ফেলেছেন।
কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে যাঁরা বসেছিলেন, তাঁদের কাছে সামাদের পরিচয়টা অন্য রকম। ডেনমার্কে জন্ম নেওয়া এক তরুণ, যাঁর বাঁ পায়ের একটি শট বাংলাদেশের কোটি মানুষের স্বপ্ন থামিয়ে দিয়েছে।
ফুটবল এমনই নিষ্ঠুর। একজনের আনন্দের পাশে আরেকজনের কান্নাও দাঁড়িয়ে যায়। শনিবার বাংলাদেশের জন্য কান্নার নাম ছিল ‘সামাদ’। আর পাকিস্তানের কাছে সেই সামাদই হয়ে যায় ইতিহাসের দরজা খুলে দেওয়া এক তরুণ।