২১ আগস্ট শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু ‘সুপার কাপ’ আদলের যে চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর কথা ছিল, সেটি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটিতে খেলার কথা ছিল গত মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও লিগ রানার্সআপ আবাহনী লিমিটেডের। ফিফার নিষেধাজ্ঞার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী এখনো ফুটবলার নিবন্ধন শুরু করতে পারেনি।
আজ বিকেলে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে চ্যালেঞ্জ কাপ না হওয়ার খবর জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে সভাপতি বলেন, ‘২১ আগস্টে চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। আজ ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করব। এরপর সিদ্ধান্ত নেব। ফেডারেশন কাপ ও লিগ পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরুর ইচ্ছা আছে।’
সভায় বসুন্ধরা কিংসের প্রতিনিধি কোচ গোলাম জিলানী আরও সাত কর্মদিবস সময় চেয়েছেন। সাত কর্মদিবসের মধ্যে ফিফার দলবদল নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তাঁরা ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদনের যোগ্য হবেন। এরপর খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাবেন।
২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট লিগ শুরুর কথা রয়েছে। দলবদলের সময় শেষ হবে ৩ সেপ্টেম্বর।