বিশ্বকাপের শুরুটা ব্রাজিলের ভালো হয়নি। মরক্কোর বিপক্ষে করেছে ১-১ গোলে ড্র। এমন ম্যাচেও ব্রাজিলের জন্য অবশ্য সুখবর আছে। অন্যদিকে মরক্কোর জন্য এটি অনেক কিছু পাওয়ার ম্যাচ। এই ম্যাচের কিছু পরিসংখ্যান পড়ুন এই প্রতিবেদনে—
সর্বশেষ ২১টি ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারেনি ব্রাজিল (১৭ জয়, ৪ ড্র)। দলটি সর্বশেষ ১৯৩৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে এটাই দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ টানা ৯টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতেছে জার্মানি ও নেদারল্যান্ডস।
ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলের হয়ে পেয়েছেন তাঁর ১০ম গোল। এর মধ্যে তিনটি এসেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। তাঁর সর্বোচ্চ গোল ব্রাজিলে, চারটি।
ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছেন এমন ম্যাচে এই প্রথম জিততে ব্যর্থ ব্রাজিল।
বিশ্বকাপের ইতিহাসে মরক্কোই প্রথম দল, যাদের শুরুর একাদশের ১১ জন খেলোয়াড়ের সবার জন্মই বিদেশের মাটিতে।
ফিফা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে মরক্কো পেয়েছে তাদের প্রথম পয়েন্ট। এর আগে ১৯৭০ সালে পেরুর কাছে এবং ১৯৯৮ সালে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল দলটি।
১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে মরক্কো মাত্র দ্বিতীয় দল, যারা ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলমুখে ৫টি শট নিতে পেরেছে। এর আগে এই কীর্তি ছিল পর্তুগালের।
বিশ্বকাপে মরক্কোর হয়ে নিজের ১১তম ম্যাচ খেলেছেন আশরাফ হাকিমি। আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তিনি এখন ক্যামেরুনের ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক এবং ঘানার আসামোয়াহ জিয়ানের পাশে বসেছেন।