ভিক্টর ইয়োকেরেস আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর আতলেতিকোর হয়ে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ।
ভিক্টর ইয়োকেরেস আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর আতলেতিকোর হয়ে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ।

চ্যাম্পিয়নস লিগ

দুই পেনাল্টি গোলে মাদ্রিদে আর্সেনাল-আতলেতিকো সমতা

আতলেতিকো ১ : ১ আর্সেনাল

আগের দিন প্যারিসে পিএসজি-বায়ার্ন মিউনিখ ম্যাচের মতো এই ম্যাচে যে গোলের বন্যা বইবে না, তা অনুমেয়ই ছিল। হলোও তাই। তবে একেবারে গোলহীন ম্যাচও দেখতে হলো না মেত্রোপলিতানো স্টেডিয়ামের দর্শকদের। বিরতির আগে ও পরে একটি করে গোল, দুটোই পেনাল্টি থেকে। একটা ঢুকল আতলেতিকো মাদ্রিদের জালে, অন্যটা আর্সেনালের। ভিক্টর ইয়োকেরেস আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর আতলেতিকোর হয়ে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ।

মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই দলের প্রথম লেগটা আজ শেষ পর্যন্ত ১-১ ড্র হওয়ায় রোমাঞ্চ জমা থাকল আগামী মঙ্গলবার লন্ডনে ফিরতি লেগের জন্য।

ম্যাচের প্রথমার্ধ প্রায় পুরোটাই ছিল বেশ নিরুত্তাপ। দুই দল ছিল অতিসাবধানী, খেলেছে ‘সেফটি ফার্স্ট’ ফুটবল। ফলে সুযোগও তৈরি হয়েছে কম। এর মধ্যেই আতলেতিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ একটি সুযোগ পেলেন, কিন্তু পেনাল্টি বাক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। উল্টো দিকে ননি মাদুয়েকের শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে স্বস্তি ফেরে স্বাগতিক গ্যালারিতে।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম সুইডিশ হিসেবে সেমিফাইনালে গোল করার অনন্য কীর্তি গড়লেন ইয়োকেরেস।

খেলার চিত্র বদলে যায় বিরতির ঠিক আগে। বক্সের ভেতর আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো ফাউল করে বসেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসকে। রেফারি বাঁশি বাজাতে দেরি করেননি। পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে আর্সেনালকে লিড এনে দেন ইয়োকেরেস।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম সুইডিশ হিসেবে সেমিফাইনালে গোল করার অনন্য কীর্তি গড়লেন ইয়োকেরেস।

বিরতিতে দিয়েগো সিমিওনে কৌশল বদললেন। ৪-৪-২ ছেড়ে নামলেন ৩-৪-৩ ছকে। আতলেতিকোকেও তাই দ্বিতীয়ার্ধে একেবারে অন্য দল মনে হলো। আলভারেজের ফ্রি-কিক গেল পোস্টের পাশ দিয়ে। আদেমোলা লুকমান শট নিলেন, সরাসরি রায়ার কোলে। আঁতোয়ান গ্রিজমান একটি শট নিলেন, গাব্রিয়েল মাগালায়েস বুক পেতে ঠেকালেন।

চ্যাম্পিয়নস লিগে ২৫ গোল হলো আলভারেজের।

গোলটা এলো সেই পেনাল্টি থেকেই। মার্কোস ইয়োরেন্তের শট বেন হোয়াইটের হাতে লাগল। রেফারি পেনাল্টি দিলেন। আলভারেজ এলেন, শট নিলেন, গোল —১-১।

মাত্র ৪১ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোল হলো আলভারেজের, এই মাইলফলকে তিনিই এখন দ্রুততম আর্জেন্টাইন। মেসি এই উচ্চতায় পৌঁছাতে নিয়েছিলেন ৪২ ম্যাচ।

এরপর বেশ কিছুক্ষণ মাঠ একচেটিয়া আতলেতিকোর দখলে। গ্রিজমান একটা শট নিলেন, বল লাগল ক্রসবারে। লুকমান আরও দুটি সুযোগ নষ্ট করলেন। একবার বল গেল উপরে, আরেকবার সরাসরি রায়ার হাতে।

ভিএআরের সাহায্য নিয়ে আর্সেনালের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করে দেন রেফারি।

ম্যাচের শেষ দিকে আবার উত্তেজনা। এবারও হাঙ্কোর চ্যালেঞ্জে এবেরেচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু রিপ্লে দেখে তিনি সিদ্ধান্ত বদলালে হাফ ছেড়ে বাঁচেন আতলেতিকো সমর্থকেরা। ডাগ আউটে মিকেল আরতেতাকে বেশ ক্ষিপ্ত মনে হচ্ছিল তখন। আর্সেনালের খেলোয়াড়েরাও বেশ রাগ দেখালেন মাঠে। লন্ডনে ফিরতি লেগের ফল যদি আর্সেনালের বিপক্ষে যায়, রেফারির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে অনেক দিন।