বিশ্বকাপের সময় ক্লাবগুলো বেশ একটা অলস সময় কাটায়। দলগুলো নিয়ে কথাবার্তা ধামাচাপা পড়ে যায় বিশ্বকাপের সুবাদে। কিন্তু রিয়াল মাদ্রিদ যেন সেই সুযোগ দিচ্ছেই না। একের পর এক খেলোয়াড় কিনে কেড়ে নিচ্ছে বিশ্বকাপের আলো। খেলোয়াড়ের সঙ্গে চুক্তির ঘোষণাও দিচ্ছে ঠিক বিশ্বকাপ ম্যাচের আগে আগে।
রিয়াল মাদ্রিদের দলবদলের মৌসুম শুরু হয়েছিল সভাপতি নির্বাচন দিয়ে। দুই দশক পর এই প্রথম সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছিলেন কেউ। সংখ্যাগরিষ্ঠ ভোটে পেরেজই বসেছেন সভাপতির আসনে। বসেই ফিরিয়ে এনেছেন সাবেক কোচ জোসে মরিনহোকে। অতঃপর দলবদলের বাজারে লেগেছে ঝড়। মরিনহো আসতেই যেন বদলে গিয়েছে রিয়ালের দলবদলের চিত্র।
স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা একেবারেই আকস্মিক। কোনো কানাঘুষা ছাড়াই কুকুরেয়াকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিও রোমানো।
কুকুরেয়াকে কিনতে রিয়াল মাদ্রিদের খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। তাঁকে কেনার আনুষ্ঠানিক ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছে স্পেনের ম্যাচ শুরুর মাত্র সাত ঘণ্টা আগে। ‘প্রথমবারের মতো স্পেন দলে কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড় নেই’ কথাটি ভুল প্রমাণ দিলেন এক দলবদলের ঘোষণায়।
একই ঘটনা ঘটল বের্নার্দো সিলভার বেলাতেও। গত এপ্রিলে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন পর্তুগিজ মিডফিল্ডার। ফ্রিতে তাঁকে দলে ভেড়ানোর জন্য উৎসুক ছিল অনেক দল।
গুঞ্জন আছে, বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ তাঁর সঙ্গে কথাবার্তা বলাও শুরু করেছিল। কিন্তু মরিনহোর সঙ্গে কথা বলে বদলে ফেললেন মন, যোগ দিলেন রিয়াল মাদ্রিদে।
দুই বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। চুক্তি সই কিন্তু হয়ে গেছে বিশ্বকাপ শুরুর আগেই। কিন্তু রিয়াল মাদ্রিদ সময় বুঝে তাঁকে খেলোয়াড় ঘোষণা করল আজকে।
পর্তুগালের ম্যাচ শুরুর ঠিক আট ঘণ্টা আগে। শুধু তা–ই নয়, জার্মানির ম্যাচের পাঁচ ঘণ্টা আগে আন্তোনিও রুডিগারের সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণাও দিয়েছে রিয়াল।
শুধু নিয়মের ব্যত্যয় ঘটেছে ইব্রাহিমা কোনাতের বেলায়।
আজ ১৮ জুন, ফরাসি এই ডিফেন্ডারকে কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের পরবর্তী খেলা অবশ্য ২২ তারিখ। নিয়ম ভেঙে ম্যাচের চার দিন আগেই ঘোষণা করেছে খেলোয়াড়কে।
পরপর দুজন খেলোয়াড়কে ঠিক ম্যাচের কিছুক্ষণ আগে ঘোষণা করা কোনো কাকতালীয় ব্যাপার নয়। বিশ্বকাপের মৌসুমে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কেনা তো ঐতিহাসিক ট্রেন্ড, সেখানে বিশ্বকাপের মধ্যেই খেলোয়াড় কিনে ম্যাচের আগে ঘোষণা করা—রিয়াল মাদ্রিদ কি দলবদলে নতুন দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছে?