ছবিটি তোলা হয়েছে ইতিহাদ স্টেডিয়ামের একটি প্রাইভেট রুমে। সেখানে যেসব ব্যক্তিবর্গ ম্যানচেস্টার সিটির জয় উদ্যাপন করেছেন, নামগুলো একবার দেখুন—সিটির কোচ পেপ গার্দিওলা ও তাঁর ভাই পেরে, বন্ধু ম্যানুয়েল এসতিয়ার্তে, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট মরিসিও মাক্রি, সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক এবং টেকনিক্যাল স্টাফের কিছু সদস্য। ছবিটি তোলার সময় সবাই হাত তুলে চারটি আঙুল দেখান। বিষয়টিতে কী বোঝা গেল?
চ্যাম্পিয়নস লিগে কাল রাতে সেমিফাইনাল ফিরতি লেগের ম্যাচটি দেখা থাকলে কিংবা ফল জানা থাকলে বুঝে ফেলার কথা। ইতিহাদে রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে সিটির করা ৪ গোলকেই হাতের ইশারায় বুঝিয়েছেন গার্দিওলা ও তাঁর কাছের মানুষেরা।
বিষয়টি এ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হয়তো বিতর্ক হতো না। বন্ধুর জয়ের উত্তেজনাতেই সম্ভবত ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন এসতিয়ার্তে। ক্যাপশন দেন ‘ফোর?’
ব্যস, আর যায় কোথায়! রিয়াল সমর্থকদের জন্য ছবিটি যেন কাটা গায়ে নুনের ছিটার মতো। তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ শুরু করেন অনেকে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আরেক দল ইন্টার মিলানের সমর্থকদের কেউ কেউ সিটির সমালোচনা শুরু করেন। এরপরই ছবিটি মুছে ফেলা হয়।
রিয়ালের এক সমর্থক মন্তব্য করেন, ‘আশা করি, তারা যেন ফাইনালে হারে, তাতে আঙুলগুলো যেখানে থাকা উচিত সেখানে রাখতে পারবে।’
আরেক সমর্থক মনে করিয়ে দেন, রিয়ালের ১৪ চ্যাম্পিয়নস লিগ জয়ের কাছাকাছি আসতেও সিটির এখনো অনেক পথ বাকি। মন্তব্য করেন, ‘তারা যদি ৪–এর আগে একটি ১ বসায় তাহলে মাদ্রিদের গ্রেটনেস বুঝতে পারবে...৪-০ গোলে জয়ের এই হ্যাংওভার হয়তো আগামীকালই কেটে যাবে। কিন্তু ১৪টি চ্যাম্পিয়নস লিগ জয় তোমরা কেউ দেখে যেতে পারবে না।’
গার্দিওলার হাতের চার আঙুল দেখিয়ে জয় উদ্যাপনের একটি পটভূমি আছে। স্প্যানিশ এই কোচ বার্সেলোনার দায়িত্বে থাকতে ২০১০ সালে জেরার্ড পিকের এমন একটি উদ্যাপন আলোচনায় এসেছিল। রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে হারানোর পর মাঠেই হাতের পাঁচ আঙুল দেখিয়ে জয় উদ্যাপন করেছিলেন পিকে।
পরে ক্যারিয়ারে আরও অনেকবারই এভাবে উদ্যাপন করেছেন গার্দিওলার সাবেক এই শিষ্য। গার্দিওলা ও তাঁর কাছের মানুষেরা পিকের কাছ থেকেই সম্ভবত উদ্যাপনটি ধার করেছেন। গার্দিওলা যে রিয়ালকে হারিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন, সেটি বোঝা যায় ম্যাচ শেষে তাঁর কথায়, ‘চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে দারুণ খেলা—এটা সেরা। আমি এই ম্যাচটা খেলতে চেয়েছিলাম। কারণ, গত বছর ওদের হারানো খুব কঠিন ছিল, এবার আমরা সবকিছু নিয়েই নেমেছিলাম।’