সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন রবার্তো মার্তিনেজ। বিশ্বকাপ শুরুর আগে সেই বিশ্বাসের কথা বলেছিলেন এই স্প্যানিশ কোচ। বিশ্বকাপে দেখা গেল, মার্তিনেজের সেই বিশ্বাস মিথ্যে নয়। তবে সংখ্যাতত্ত্বের নির্মম রসিকতার শিকার তো মার্তিনেজ নিজেই!
শুরু থেকে বলা যাক। বিশ্বকাপ শুরুর আগে গত মে মাসে পর্তুগিজ টিভি চ্যানেল আরটিপিকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করি। ৬ সংখ্যাটি আমাদের সৌভাগ্য বয়ে আনতে পারে। ২০১৬ সালে পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে। ১৯৬৬ সালে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায়। ২০০৬ সালেও সেমিফাইনালে ওঠে। পর্তুগাল যা পাওয়ার যোগ্য, এখন তা অর্জনের সময় এসেছে।’
কিন্তু পর্তুগাল সেটা অর্জন করতে পারেনি। বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে ১-০ গোলের হারে বিদায় নিয়েছে মার্তিনেজের দল। হারের পর পর্তুগালের কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মার্তিনেজ।
পর্তুগালের বিদায়ের আগে মার্তিনেজের ৬ সংখ্যার ওপর বিশ্বাসটা মাঠেও ফলেছে। গ্রুপ পর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। সে ম্যাচে ৬ মিনিটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। তাঁর জার্সি নম্বর ১৫। এই দুটি সংখ্যা (৫+১) যোগ করলে হয় ৬!
উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম গোলটি করেন ৬ মিনিটে। এবার ক্যারিয়ারের ৬ নম্বর বিশ্বকাপ খেলতে এসেছিলেন রোনালদো।
এ পর্যন্ত সব ঠিকই ছিল। ঝামেলা হয়ে যায় গতকাল রাতে ডালাসে স্পেনের বিপক্ষে ম্যাচে। সংখ্যাত্ত্বের ওপর বিশ্বাসটা বুমেরাং হয়ে দাঁড়ায় মার্তিনেজের জন্য। ম্যাচটি স্থানীয় সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে ৬ জুলাই। আর এ ম্যাচে স্পেনের জয়সূচক গোলদাতা মিকেল মেরিনোর জার্সি নম্বর ৬!