গোলের বন্যা যেন থামছেই না বার্সেলোনায়। লা লিগায় সর্বশেষ দুই ম্যাচে পাঁচ গোল করে জিতেছিল তারা। এবার চ্যাম্পিয়নস লিগের শুরুটাও হলো পাঁচ গোলের জয় দিয়ে। বৃষ্টিভেজা ক্যাম্প ন্যুতে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে ইউরোপের মঞ্চে নতুন মৌসুম শুরু করল হান্সি ফ্লিকের দল।
শুধু সর্বশেষ তিন ম্যাচেই নয়, চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ৫টি প্রতিযোগিতামূলক ম্যাচের চারটিতেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল জালে পাঠিয়েছে বার্সেলোনা।
আজও দুটি গোল করেছেন রাফিনিয়া, একটি করে লামিনে ইয়ামাল, গ্যাব্রিয়েল জেসুস ও করিম আদেয়েমি।
রবার্ট লেভানডফস্কি চলে যাওয়ার পর গোল করার জন্য হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে কী চেষ্টাই না করেছিল বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কারণে তা না হওয়ায় দলবদলের শেষ দিনে গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে দলটি। তবে বার্সেলোনা কোচ নাম্বার নাইনের কাজটা সারছেন ‘মেকশিফট’ স্ট্রাইকার রাফিনিয়াকে দিয়ে।
আর, একজন প্রতিষ্ঠিত স্ট্রাইকার ছাড়া মৌসুম শুরু করা সেই বার্সেলোনাই এখন একের পর এক ম্যাচের গোলের বন্যা বইয়ে দিচ্ছে। এখন পর্যন্ত লিগে খেলা চার ম্যাচেই মোট ১৭ গোল করেছে বার্সেলোনা, যার ছয়টিই রাফিনিয়া।
আজ ক্যাম্প ন্যুতে ফেইনুর্ডের বিপক্ষে গোলের খাতাও খুলেছেন এই ব্রাজিলিয়ানই। তৃতীয় মিনিটে সেই গোলটি আসে ইয়ামালের পাস থেকে।
২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম আদেয়েমি। জোয়াও কানসেলোর পাস পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে ফেইনুর্ড গোলরক্ষক টিয়ার্ক আর্নস্টকে পরাস্ত করেন জার্মান ফরোয়ার্ড। প্রথমার্ধে বার্সেলোনা এগিয়ে থাকে ২–০ স্কোরলাইনে।
বাকি তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে পেদ্রির পাস ধরে রাফিনিয়া করেন দ্বিতীয় গোল। ৭৭ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন ইয়ামাল।
৮২ মিনিটে ফেইনুর্ডের সেম স্টেইন একটি গোল শোধ করলেও তিন মিনিট পরই ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন জেসুস। বার্সেলোনার হয়ে এটি তাঁর প্রথম গোল। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। যে জয়ে বড় তৃপ্তি মৌসুমের প্রথম পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচেই ২২ গোল করার।