চ্যাম্পিয়নস লিগে দ্রুততমদের একজন এমবাপ্পে
চ্যাম্পিয়নস লিগে দ্রুততমদের একজন এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগে দৌড়ে দ্রুততম এমবাপ্পে–হাকিমিরা

চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে দ্রুততম খেলোয়াড় কে? পজিশনভিত্তিক সেই তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রীড়া গবেষণা সংস্থা দ্য ফুটবল অবজারভেটরি অব দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস), যেখানে দ্রুততমদের তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, আশরাফ হাকিমি ও খুসানোভের মতো তারকারা।

ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ম্যানচেস্টার সিটির উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানোভ। তিনি ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.৮ কিলোমিটার গতিতে দৌড়েছেন। ফুলব্যাকদের মধ্যে আবার পিএসজির দাপট বেশি। ঘণ্টায় ৩৬.৪ কিলোমিটার গতিতে দৌড়ে শীর্ষে পিএসজির ফুলব্যাক আশরাফ হাকিমি। তাঁর ক্লাব সতীর্থ নুনো মেন্দেজ ঘণ্টায় ৩৬.১ কিলোমিটার গতিতে দৌড়ে দ্বিতীয়।

মিডফিল্ডে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন টটেনহামের আর্চি গ্রে। তিনি ঘণ্টায় ৩৪.৮ কিলোমিটার গতিতে দৌড়েছেন। উইঙ্গারদের মধ্যে গতিতে সবার ওপরে ছিলেন নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন।

ঘণ্টায় ৩৭.৯ কিলোমিটার গতিতে দৌড়েছেন তিনি। সেন্টার ফরোয়ার্ডদের মধ্যে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ঘণ্টায় ৩৫.৭ কিলোমিটার গতিতে দৌড়ে শীর্ষে।

গতির বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, তালিকাভুক্ত ১০০ খেলোয়াড়ের মধ্যে ৩ জন সেন্টার ফরোয়ার্ড সবচেয়ে বেশি দূরত্ব ধীরে হেঁটে (ঘণ্টায় ৭ কিলোমিটারের কম গতিতে) অতিক্রম করেছেন।

এ তালিকায় সবার ওপরে এমবাপ্পে। ৪৩.৫ শতাংশ দূরত্ব এই গতিতে অতিক্রম করেছেন রিয়াল তারকা। এ তালিকায় পরের দুজন নাপোলি ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন (৪১.৯ শতাংশ) এবং স্পোর্তিং লিসবনের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ (৪০.১ শতাংশ)।

তিনজন সেন্টার মিডফিল্ডার ম্যাচের সময় সবচেয়ে কম হেঁটেছেন। তাঁরা মোট দূরত্বের সবচেয়ে ছোট অংশ হাঁটাতে ব্যয় করে বেশি সময় দৌড়ে খেলেছেন। সেই তিনজন হলেন বোডো/গ্লিমটের নরওয়েজিয়ান মিডফিল্ডার হ্যাকন এভজেন (২৩ শতাংশ), স্পোর্টিং লিসবনের পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও সিমোয়েস (২৪.১ শতাংশ) এবং টটেনহামের সুইডিশ মিডফিল্ডার লুকাস বার্গভাল (২৫.২ শতাংশ)।