রিয়ালের হয়ে হ্যাটট্রিক করা ফেদে ভালভের্দে
রিয়ালের হয়ে হ্যাটট্রিক করা ফেদে ভালভের্দে

চ্যাম্পিয়নস লিগে কোন দলের হ্যাটট্রিক সবচেয়ে বেশি

ফেদেরিকো ভালভের্দের দুর্দান্ত এক হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধের ২২ থেকে ৪২ মিনিটের মধ্যে এই হ্যাটট্রিক করেন ভালভের্দে।

তাতে চ্যাম্পিয়নস লিগে দল হিসেবে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটাকে আরও সমৃদ্ধ হলো রিয়ালের। উরুগুইয়ান মিডফিল্ডারের হ্যাটট্রিকটি চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ১৯তম।

হ্যাটট্রিক করায় দুই নম্বরে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হ্যাটট্রিক সংখ্যা এখন ১৫টি। এই তালিকার তৃতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ, যাদের হ্যাটট্রিকের সংখ্যা এখন পর্যন্ত ১২টি। জার্মান ক্লাবটির পরের অবস্থানে রয়েছে পিএসজি, যাদের হ্যাটট্রিক আট।

রোনালদো রিয়ালের হয়ে ৭টি এবং মেসি বার্সার হয়ে ৮টি হ্যাটট্রিক করেছেন

পরের অবস্থানে আছে প্রিমিয়ার লিগের তিন ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। যাদের হ্যাটট্রিক সংখ্যা সমান ৭টি করে। ৬টি করে হ্যাটট্রিক করে পরের অবস্থানে আছে আর্সেনাল ও জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের আরেক সফল ক্লাব এসি মিলান ৫ হ্যাটট্রিক নিয়ে আছেন ১০ নম্বর স্থানে।

রিয়ালের শীর্ষস্থান মজবুত করায় ভূমিকা রেখেছে এক ঝাঁক দুর্দান্ত গোলস্কোরার। যেখানে রিয়ালের জার্সিতে একাই ৭টি হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ এককভাবে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা লিভারপুল, ম্যান সিটি, ইউনাইটেড এও পিএসজি সমান।

এরপর রিয়ালের হয়ে ৪টি হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। এ ছাড়া রিয়ালের হয়ে হ্যাটট্রিক করার তালিকায় আছেন রাউল গঞ্জালেস, রোনালদো নাজারিও, রদ্রিগো, ভিনিসিয়ুস ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। যেখানে সর্বশেষ সংযুক্ত হয়েছে ভালভের্দেও।

বার্সেলোনার ১৫টি হ্যাটট্রিকের মধ্যে সবচেয়ে বড় অবদান লিওনেল মেসির। যাঁর একারই আছে রেকর্ড ৮টি হ্যাটট্রিক। এ ছাড়া অন্যদের মধ্যে বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছেন রোনালদিনিও, স্যামুয়েল ইতো, নেইমার, আরদা তুরান, রবার্ট লেভানডফস্কি এবং রাফিনিয়া।

আর বিশেষভাবে উল্লেখ করতে হয় ফেরমিন লোপেজের নাম। যিনি চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করা প্রথম স্প্যানিশ।

চ্যাম্পিয়নস লিগে যে সব দলের হ্যাটট্রিক সবচেয়ে বেশি