ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন

অবসরের পর অনেক নারী নিয়ে দ্বীপান্তরে যেতে চান ব্রাজিলের বিশ্বকাপ তারকা

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নসারথিদের একজন রিচার্লিসন। টটেনহামের হয়ে দারুণ ছন্দেও আছেন এই ফরোয়ার্ড। তবে বিশ্বকাপে ব্রাজিল যখন মাঠে নামার অপেক্ষায়, তখনই বিতর্কের জন্ম দিয়েছেন এই ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের পর কী করবেন, তা নিয়ে মুখ খুলেছেন রিচার্লিসন।

বলেছেন, অবসরের পর অনেক নারী নিয়ে তিনি দ্বীপান্তরে যাবেন। রোনালদিনিওর ছবি দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলে বলেছেন, রিচার্লিসন কি তবে রোনালদিনিওর পথে হাঁটতে চান? রোনালদিনিওর অমিত প্রতিভাও যে এমন বিতর্কিত কাণ্ডে নষ্ট হয়েছিল।

২৫ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। গত রোববার ইতালির অনুশীলন শেষ করে কাতারে পৌঁছেছে তিতের দল। এর মাঝে এক সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা জানাতে গিয়ে রিচার্লিসন বলেছেন, ‘আমি একটি দ্বীপ কিনব এবং অনেক নারী নিয়ে সেখানে থাকব। রোনালদিনিওর সেই ছবির মতো।’

রিচার্লিসনের এ মন্তব্য নিয়ে ব্রাজিলজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে রোনালদিনিওর নাম উল্লেখ করাকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি। রোনালদিনিওর যে ছবির কথা বলেছেন রিচার্লিসন, সেখান দেখা যায়, একটি সুইমিংপুলে পা ডুবিয়ে শুয়ে আছেন রোনালদিনিও। তাঁর পায়ের কাছে পানিতে উপুড় হয়ে শুয়ে আছেন পাঁচ নারী।

২০০২ সালের বিশ্বকাপ জয়ী তারকার সেই ছবি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। রোনালদিনিও অবশ্য বলেছিলেন, বন্ধুর সঙ্গে মজা করেই তিনি এ কাজ করেছিলেন।

রোনালদিনিও বলেছিলেন, ‘এক বন্ধুর সঙ্গে মজা করতে গিয়েই এটা করা হয়েছিল। সে আমাকে একটি ছবি পাঠিয়ে দেখিয়েছিল, সে রিও ডি জেনিরোতে অনেক মজা করছে। আমি তার জবাব দিয়েছিলাম এ ছবি দিয়ে। দুর্ভাগ্যজনকভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক বিতর্কের জন্ম দিয়েছিল।’

সেই ছবির কথা উল্লেখ করে রিচার্লিসনও ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরুর আগে নতুন বিতর্কের জন্ম দিলেন।