
মালদ্বীপ ফুটবলের ৭৫তম বর্ষপূর্তি (হীরকজয়ন্তী) উদ্যাপন উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ‘ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট’। এ টুর্নামেন্টের জন্য আজ ২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ (অলিম্পিক) দল ঘোষণা করা হয়েছে।
একই সময়ে বাংলাদেশের মূল জাতীয় দল সান মারিনো সফরে থাকায় মালদ্বীপে এই অলিম্পিক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। টুর্নামেন্টটি আগামী ১ থেকে ১০ জুন মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দলের প্রধান কোচের দায়িত্বে আছেন ঢাকা আবাহনীর অভিজ্ঞ কোচ এ কে এম মারুফুল হককে। তাঁর সহকারী থাকছেন শাহেদুল আলম শাহেদ ও জাহাঙ্গীর আলম। গোলকিপিং কোচের দায়িত্বে নাজমুল করিম মজুমদার।
স্বাগতিক মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ দল নিয়ে হবে চার জাতির এই লিগভিত্তিক টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল আগামী ১০ জুন ফাইনালে লড়বে।
১ জুন স্থানীয় সময় বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় এবং ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে শেষ লিগ ম্যাচ খেলবে বাংলাদেশ।
মালদ্বীপ এর আগেও এমন ঐতিহাসিক টুর্নামেন্ট আয়োজন করেছিল। ২০০০ সালের মে মাসে অনুষ্ঠিত ‘মালদ্বীপ ফুটবল গোল্ডেন জুবিলি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে’ বাংলাদেশ খেলেছিল। কোচ ছিলেন মার্ক হ্যারিসন। বাংলাদেশ দল ভারত ও মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর হেরেছিল শ্রীলঙ্কার কাছে। চার দলের গ্রুপে তৃতীয় হয় বাংলাদেশ। টাইব্রেকারে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
এবারের ডায়মন্ড জুবিলিতে শ্রীলঙ্কা প্রথমে খেলার নিশ্চয়তা দিলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়। ফলে তাদের পরিবর্তে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মেহেদী হাসান শ্রাবণ, ইসহাক আকন্দ, মো. আসিফ, জাহিদ হাসান শান্ত, আব্দুল্লাহ ওমর, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, মজিবর রহমান জনি, এস এম মনজুরুর রহমান, রাব্বি হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুর্শেদ আলী, সৌরভ দেওয়ান, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, প্রণয় ইনোসেন্ট মারান্ডি, মিরাজুল ইসলাম, মইনুল ইসলাম মঈন ও সফিউল হোসেন।